২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এখনও জয়ের আশা করছে বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়ে বসে আছে বাংলাদেশ। কিন্তু তারপরও শুক্রবার ফতুল্লার নারায়নগঞ্জ ওসমানি স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে হাবিবুল বাশারের দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2006, 07:04 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

২ -- ০ ব্যবধানে সিরিজ জয়ী অস্ট্রেলিয়া প্রথম দুই ম্যাচে যথাক্রমে চার উইকেট এবং ৬৭ রানে জয় পেয়েছে।

বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার এখনও আশা ছাড়েননি এবং তৃতীয় ম্যাচে তার টার্গেট জয়। বৃহস্পতিবার মোবাইল ফোনে বিডিনিউজের সাথে আলাপকালে বাংলাদেশের সফল এই অধিনায়ক জানান, প্রথম দুই ম্যাচ হেরে গেলেও তৃতীয় ম্যাচে তাদের টার্গেট অবশ্যই জয় ছাড়া ভিন্ন কিছু নয়।

বুধবারের ম্যাচে সিরিজে তৃতীয় হাফ সেঞ্চুরি হাঁকানো বাশার সব ওয়ানডের মত শেষ ওয়ানডেতেও জয়ের লক্ষ্য নির্ধারন করেছেন।

তবে বাশারের কথাতে আগের মতই কিছু ধরাবাঁধা কথা শোনা গেলো। তিনি বলেন, আগের ম্যাচগুলাতে দলের যে অগ্রগতি তা শেষ ম্যাচেও ধরে রাখার চেষ্টা করা হবে। সিরিজের প্রথম দিকে আমাদের যে ভুলগুলো হয়েছে সেগুলো শোধরানোর চেষ্টাও করা হবে।

শেষ ম্যাচের জন্য বাংলাদেশ স্কোয়াড সম্পর্কে বাশার কিছু না বললেও নাকের সমস্যার কারণে গত ম্যাচ মিস করা আফতাব আহমেদকে শুক্রবার মাঠে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

বাশার বলেন, আমরা আফতাবের ফিটনেসের জন্য অপেক্ষা করছি, সে দলে ফিরলে আমরা সেরা একাদশ পাবো। মোহাম্মদ আশরাফুলের ব্যাপারেও চিন্তা ভাবনা করা হবে বলে জানালেন বাংলাদেশ অধিনায়ক।

কার্ডিফে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের নায়ক মোহাম্মদ আশরাফুল বাজে ফর্মের জন্য গত ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন।

অন্যদিকে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের মনে কার্ডিফের সেই তিক্ত অভিজ্ঞতাটা এখনও গেঁথে রয়েছে। আর সেই কারণেই বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে মানতে নারাজ অসি দলপতি।

স্কোয়াড:

বাংলাদেশ (সম্ভাব্য): হাবিবুল বাশার, খালেদ মাসুদ, জাভেদ ওমর, মোহাম্মদ রফিক, রাজিন সালেহ, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজা, আফতাব আহমেদ, তুষার ইমরান, আব্দুর রাজ্জাক, অলক কাপালী, শাহরিয়ার নাফিস, শাহাদত হোসেন রাজীব এবং সৈয়দ রাসেল।

অস্ট্রেলিয়া (সম্ভাব্য): রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, নাথান ব্রাকেন, মাইকেল ক্লার্ক, ড্যান কালেন, ব্রাড হগ, মাইকেল হাসি, মিশেল জনসন, সাইমন ক্যাটিচ, ব্রেট লি, অ্যান্ড্রু সাইমন্ডস, জেমস হপস, মার্ক কসগ্রোভ এবং ব্রেট ডোরে।