টেস্ট র্যাংকিংয়ে আরও এগিয়ে গেলেন শাহরিয়ার
এলজি আইসিসি টেস্ট র্যাংিকিংয়ে আরও এগিয়েছেন বাংলাদেশের উদ্বোধনী ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস। বৃহস্পতিবার প্রকাশিত শীর্ষ ১০০ টেস্ট ব্যাটসম্যানের তালিকায় নাফিস সাত ধাপ এগিয়ে ৫২ তম স্থানে উঠে এসেছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফতুল্লা টেস্টে চমৎকার ১৩৮ রানের সুবাদে শাহরিয়ার র্যাংকিংয়ে ১০৪ তম স্থান থেকে একলাফে ৫৯ তম স্থানে উঠে গিয়েছিলেন। একই প্রতিপক্ষের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টেও ৭৯ রান করেন শাহরিয়ার।
সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ের শীর্ষ তিনে অবস্থান করছেন যথাক্রমে অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং ভারতের অধিনায়ক রাহুল দ্রাবিড়।
অধিনায়ক হাবিবুল বাশার তিন ধাপ নীচে নেমে গেলেও বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে র্যাংকিংয়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন। বাশার বর্তমানে ৩২ তম স্থানে রয়েছেন। এছাড়া রাজিন সালেহ ৭৩ থেকে ছয় ধাপ এগিয়ে ৬৭ তম স্থানে মোহাম্মদ রফিক ৭৯ তম স্থানে অবস্থান করছেন।
মোহাম্মদ আশরাফুল দুই ধাপ নীচে নেমে গিয়ে ৬৯ তম স্থানে এবং জাভেদ ওমর তিন ধাপ নেমে গিয়ে ৮০ তম স্থানে অবস্থান করছেন। ৯৮ তম স্থানে থাকা খালেদ মাসুদ একধাপ অগ্রসর হলেও দুই ধাপ নীচে নেমে আফতাব আহমেদ শেষ থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন।
