২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহত সাংবাদিক টিটুকে চিকিৎসার জন্যে ব্যাংকক পাঠানো হবে

গুরুতর আহত দৈনিক পূর্বকোণ পত্রিকার ফটো সাংবাদিক অনুরূপ দাস এখনো শঙ্কামুক্ত নয়। বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাকে উন্নত চিকিৎসার জন্যে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2006, 09:40 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড ইতোমধ্যে তার ও তার পরিবারের একজনের পাসপোর্ট তৈরির প্রক্রিয়া সম্পন্ন করেছে।

টিটুর পারিবারিক সুত্র জানায়, তাকে ২১ এপ্রিল চিকিৎসার জন্যে ব্যাংকক পাঠানো হতে পারে।

চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে ১৬ এপ্রিল অস্ট্রেলিয়া-- বাংলাদেশের মধ্যকার টেস্টের শুরুর দিন পুলিশের নির্মম প্রহারে টিটু মারাত্বকভাবে আহত হন। তিনি বর্তমানে শহরের রয়েল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দু’বার অস্ত্রপোচারের পরে  মঙ্গলবার তার শরীরে জ্বর দেখা দিলে চিকিৎসকরা শঙ্কা প্রকাশ করেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিওরো সার্জারি বিভাগের প্রফেসর আনিসুল ইসলাম বলেছেন, তার হাড় ফেটে গেছে এবং এই জটিল অপারেশনটি ব্যাংককে করা হবে। তিনি বলেন, তার সুস্থ্য হয়ে উঠতে অন্ততপক্ষে এক বছর সময় লাগবে।

টিটুর বড় ভাই ডা.অরূপ দাস বলেছেন, অপারেশন করার পর টিটু ভালোই আছে। কিন্তু মঙ্গলবারে জ্বর দেখা দেওয়ায় তারা চিন্তিত হয়ে পড়েছেন।