২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজনে ব্রাজিলকে বহুদূর যেতে হবে
ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটার বলেছেন, ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে ব্রাজিলকে আরো দীর্ঘপথ পাড়ি দিতে হবে।
ব্রাজিলের এস্তাদো দ্য সাও পাওলো সংবাদপত্রকে দেয়া এক সাক্ষাৎকারে ব্লাটার বলেন, বিশ্বকাপ ফুটবল আয়োজন করার মতো উপযুক্ত একটি মাঠও ব্রাজিলের নেই।
আসছে ২০১০ সাল থেকে চালু হওয়া ফিফার নতুন নিয়মানুসারে বিশ্বের বিভিন্ন মহাদেশে পর্যায়ক্রমে টুর্নামেন্টগুলো অনুষ্ঠিত হবে। সে হিসেবে ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপ দক্ষিণ আমেরিকায় অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
এদিকে দক্ষিণ আমেরিকার ১০টি দেশ ইতোমধ্যে তাদের একমাত্র প্রার্থী হিসেবে ব্রাজিলের প্রতি সমর্থন ব্যক্ত করেছে।
কিন্তু ব্লাটার বলছেন, তার মানে এই নয় যে ব্রাজিলেই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের আয়োজক হওয়ার আগে তাদেরকে আরো অনেক পথ যেতে হবে।
উল্লেখ্য, ১৯৫০ সালে ব্রাজিল ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছিল।
ব্লাটার বলেন, এ বিষযটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বিষয়টিকে একটি প্রকল্প হিসেবে নিয়েছেন। ২০০৮ সালের ফিফা কংগ্রেসের অনুমোদন পাওয়ার আগে ব্রাজিলকে অনেক পথ পাড়ি দিতে হবে।
রিও ডি জেনেইরো, সাও পাওলো এবং পোর্টো এ্যালেগ্রির বিভিন্ন স্টেডিয়াম ঘুরে নিরাশ হয়ে ফিফা সভাপতি এমন উক্তি করেন।
ব্লাটার দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশকেও যৌথভাবে আয়োজক হওয়ার জন্যে প্রতিদ্বন্দ্বিতা করার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, দক্ষিণ আমেরিকান ফেডারেশন ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন যে তাদের একটি মাত্র প্রার্থী থাকবে। আর সেটি হচ্ছে ব্রাজিল। কিন্তু আর্জেন্টিনা এবং চিলি যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে কেন প্রচেষ্টা চালাচ্ছে না?
তিনি বলেন, সমস্যা হচ্ছে, ব্রাজিল একমাত্র প্রার্থী হওয়ার কারণে তাদেরকে আন্তর্জাতিক মানে পৌঁছাতে হবে। তারা যদি সে মানে পৌঁছাতে পারে কেবল সে ক্ষেত্রেই ব্রাজিলে ফুটবল বিশ্বকাপ হতে পারে।
