২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অসম প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভালো খেলার আশ্বাস দিলেন সুমন

ফতুল্লার নারায়ণগঞ্জ ওসমানি স্টেডিয়ামে রোববার প্রবল প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামছে হাবিবুল বাশার সুমনের বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 08:15 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

প্রতিপক্ষ প্রবল হলেও ম্যাচে ভালো খেলার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন অধিনায়ক বাশার। 

গত ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরকারী বাংলাদেশ দলটির তুলনায় এখনকার বাংলাদেশ দলকে অনেক বেশি উন্নত বলে জানালেন অধিনায়ক।

শনিবার ফতুল্লা স্টেডিয়ামে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশের সবচেয়ে সফল এই অধিনায়ক। বললেন, ২০০৩ সালে প্রথমবারের মত অস্ট্রেলিয়া সফরে লক্ষ্য ছিল নিজেদের উতরিয়ে নিয়ে যাওয়া, কিন্তু এখনকার লক্ষ্যটা ভিন্ন, আর সেটা হচ্ছে ভালো খেলা।

এ সময় অধিনায়কের সাথে দলের কোচ ডেভ হোয়াটমোরও ছিলেন। বাশার জানান, ২০০৩ সালের পর অনেকটা পথ পাড়ি দিয়েছে বাংলাদেশ। এ সময়ের মধ্যে বেশ কয়েকটি জয়ও পেয়েছে দল। আর এই জয়গুলোই দলের আত্মবিশ্বাস বাড়ানোর টনিক হিসেবে কাজ করছে।

অস্ট্রেলিয়া শক্তিশালী প্রতিপক্ষ কথাটা মেনে নিয়েই বললেন, অস্ট্রেলিয়াকে নিয়ে দলের ক্রিকেটারদের মধ্যে কোন আতংক নেই।

আসন্ন টেস্টে বাংলাদেশ দলের লক্ষ্য কি জানতে চাইলে মনের গভীরে লুকিয়ে থাকা ইচ্ছেটা সরাসরি প্রকাশ না করলেও বললেন একটু ঘুরিয়ে। জানালেন, টেস্ট ম্যাচ জিততে পারলে ভালোই হতো, সে জন্য চেষ্টাতো থাকবেই। তাছাড়া ব্যক্তিগত এবং দলগত, দু’টি পর্যায়েই দলের সবার কাছ থেকে সেরা খেলাটাই আশা করছেন অধিনায়ক।   

বাংলাদেশ ২০০৩ সালে প্রথমবারের মত অস্ট্রেলিয়া সফরে দু’টি টেস্টেই মাত্র আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হার মানে।

ফতুল্লা স্টেডিয়ামের পিচ সম্পর্কে অসি অধিনায়ক রিকি পন্টিংয়ের মন্তব্যের ব্যাপারে জানতে চাওয়া হলে বাশার জানান, পিচ স্বাগতিক দলের বোলারদের জন্য কিছুটাতো সহায়ক হবেই। উইকেট স্লো হলেও তাতে কতটুকু টার্ন থাকবে সে সম্পর্কে নিজের অজ্ঞতা প্রকাশ করেছেন বাশার। এর আগে অনেকবারই এই মাঠে খেলেছেন বাংলাদেশ দলনায়ক। পুরনো অভিজ্ঞতা হাতড়ে তিনি যা বললেন তার সারমর্ম দাঁড় করালে যা হয় তা হলো- উইকেটে বল কিছুটা টার্ন করলেও বাস্তবতা হতে পারে ভিন্ন।

এদিকে নির্বাচক কমিটি প্রথম টেস্টের জন্য অলক কাপালী, সৈয়দ রাসেল এবং নাফিস ইকবালকে বাইরে রেখে রাজিন সালেহ, আফতাব আহমেদ এবং মাশরাফি বিন মুর্তজার উপরই তাদের আস্থা রেখেছেন।

অন্যদিকে বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার বিষয়টিকে আমলেই নেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং।

চার বোলার নিয়ে খেলার দীর্ঘদিনের নিয়ম ভেঙ্গে বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ বোলার খেলানোর কথা জানিয়ে অসি অধিনায়ক বলেন, আমরা এখানে এসেছি সেরা খেলাটা খেলতে। বিশ্বের কয়েকটি সেরা দলের বিরুদ্ধে স্বাগতিকদের বর্তমান সাফল্য তাদের অনেকটা সহায়তা করবে, কিন্তু এখানে আমরা কি করতে পারি সেটাই দেখার বিষয়।

বোলারদের ওপর থেকে চাপ লাঘবের জন্যই পাঁচ বোলার মাঠে নামানো হবে বলে জানালেন পন্টিং।

বাংলাদেশ স্কোয়াড: হাবিবুল বাশার, খালেদ মাসুদ, জাভেদ ওমর, রাজিন সালেহ, শাহরিয়ার নাফিস, মাশরাফি বিন মুর্তজা, আফতাব আহমেদ, মোহাম্মদ রফিক, এনামুল হক জুনিয়র, মোহাম্মদ আশরাফুল এবং শাহাদত হোসেন রাজীব।

অস্ট্রেলিয়া স্কোয়াড: রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, স্টুয়ার্ট ক্লার্ক, মাইকেল ক্লার্ক, জেসন গিলেস্পি, ম্যাথু হেইডেন, মাইক হাসি, ব্রেট লি, ডেমিয়েন মার্টিন, স্টুয়ার্ট ম্যাকগিল এবং শেন ওয়ার্ন।