ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কিউইদের সহজ জয়
টপ অর্ডারে তিন তিনটি হাফ সেঞ্চুরি আর নয় উইকেটে ২৮৮ রান। জয়ের জন্য নিউজিল্যান্ডের এই পুঁজিই যথেষ্ট ছিল। পরে অবশ্য বোলাররাও ভালো সহযোগিতা করে গেছেন।
সব মিলিয়ে শনিবার ওয়েলিংটনের ওয়েষ্টপেক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি ৮১ রানে জিতে নিয়েছে কিউইরা।
টস জয়ী কিউই অধিনায়ক ব্যাট হাতে নিজে রান করার পাশাপাশি পুরো দলকে খেলিয়েছেন দক্ষতার সাথে। উদ্বোধনী জুটিতে জেমী হাউ এবং নাথান অ্যাষ্টল ১৩৬ তুলে শক্ত করেছেন দলের ভিত। হাউ ৬৬ এবং অ্যাষ্টল ৯০ রান করেন।
পরের জুটিতে অধিনায়ক স্টিফেন ফ্লেমিং এবং স্কট স্টাইরিস সেই শক্ত ভিতের উপর একের এক রানের গাঁথুনি দিয়ে গেছেন। ফ্লেমিং ৫৫ আর স্টাইরিস ৩৬ রান করেন। নিউজিল্যান্ডের এর পরের ব্যাটসম্যানরা ব্যর্থ না হলে স্বাগতিকদের স্কোর আরও বড় হতে পারতো। পরের ছয় ব্যাটসম্যানই ডাবল ফিগারে পৌঁছাতে পারেননি।
তবে এর জন্য অবশ্য কিউইদের মনে কোন খেদোক্তি থাকার কথা নয়। কারণ জয়ের ব্যবধানটা মোটামুটি বড়ই বলা যায়।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ক্যারিবিয়ানরা কেবলমাত্র ড্যারেন গঙ্গা এবং রামনরেশ সারওয়ানের ব্যাট থেকে কিছুটা প্রতিরোধ পেয়েছে। আর বাকিরা শুধু আসা যাওয়াতেই ব্যস্ত ছিলেন। গঙ্গা এবং সারওয়ান দু’জনই অর্ধশতক হাঁকিয়েছেন।
গঙ্গা ৫৪ এবং সারওয়ান ৫৬ রান করেন। দলের তৃতীয় সর্বোচ্চ ৩৮ রান করেন ডেভন স্মিথ।
