ম্যাচ রেফারির কাছে চ্যাপেলের মন্তব্যের প্রমাণ চেয়েছে পিসিবি
ভারতীয় কোচ গ্রেগ চ্যাপেল পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পর্কে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চেয়েছে।
পিসিবি’র ক্রিকেট কার্যনির্বাহি পরিচালক আব্বাস জাহিদী বলেন, “শোয়েবের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে গ্রেগ চ্যাপেল যে সন্দেহ প্রকাশ করেছেন তা সম্পর্কে আমরা ম্যাচ রেফারির কাছে আনুষ্ঠানিকভাবে জানতে চেয়েছি।”
গ্রেগ চ্যাপেল একটি ভারতীয় টেলিভিশন চ্যানেলে বিবৃতি দেওয়ার সময় শোয়েবের বোলিং অ্যাকশন সম্পর্কে প্রশ্ন তোলেন।
পিসিবি’র চেয়ারম্যান শাহরিয়ার খান বলেন, “আমরা প্রতিবেদনটি দেখেছি এবং তিনি কেন এই ধরনের বক্তব্য দিলেন আমরা তা খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি। তিনি যদি শোয়েবের বোলিং অ্যাকশনের বিষয়ে কোনও ইঙ্গিত করেন তাহলে তা হবে আইসিসি’র শৃঙ্খলাভঙ্গের সামিল। এরপরও যদি কোনও বিবৃতিতে কোন প্রকার ইঙ্গিত প্রদান করা হয় তাহলে আমরা তা ম্যাচ রেফারির কাছে পাঠাবো।”
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে তিনবার প্রশ্ন উঠলেও আইসিসি তার বোলিং অ্যাকশন ত্রুটিমুক্ত বলে জানায়।
