হাবিবুলের মোহামেডান, নাকি আকরামের ডিওএইচএস?
ফাইনালের আগে প্রতিপক্ষ ওল্ড ডিওএইচএস সম্পর্কে তার মূল্যায়ন জানতে চাওয়া হলো হাবিবুল বাশারের কাছে। মোহামেডান অধিনায়ক বললেন,“আমার কাছে মনে হয়েছে ওদের ব্যাটিংয়ের চেয়ে বোলিংটা ভালো।”
ডিওএইচএসের সর্বশেষ ম্যাচ দুটোর খোঁজখবর রাখা ক্রিকেটমনস্ক যে কেউ হাবিবুলের কথায় যুক্তি খুঁজে পাবেন। জেতার জন্য ম্যাচ দুটোতে খালেদ মাহমুদের ব্যাটের দিকেই তাকিয়ে থাকতে হয়েছে প্রিমিয়ারের বর্তমান চ্যাম্পিয়নদের। নিয়মিত ব্যাটসম্যানদের অবদান সেখানে সামান্যই। হাবিবুলের কথাকে খারিজ করে দেয়া যাবে না আরো, যখন স্বয়ং ডিওএইচএস অধিনায়ক আকরাম খান শুক্রবারের ফাইনালের আগে যা বলছেন তাকে বিবেচনায় নেওয়া হবে ,“আমাদের বোলিং-ফিল্ডিং নিয়ে কোনো সমস্যা নেই।”
সমস্যা যে ব্যাটিংয়ে তার একটা ইঙ্গিত আছে আকরাম খানের কথায়। সেজন্য কাই-অ্যালটেক টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেটের শিরোপা ছোঁয়ার জন্য দলের প্রথম সারির ব্যাটসম্যানদের কাছেই বিশেষ দাবি আকরামের,“আমাদের ব্যাটসম্যনরা রান পাচেছ না। আশা করি ফাইনালে তা পাবে।”
তার দলের বোলিং আবার প্রতিপক্ষের বিপদের কারণ হয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। খেলাটা হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। ষেখানকার উইকেটকে পেস বোলারদের বন্ধু বলেই জানেন সবাই। প্রথম সেমিফাইনালে আবাহনীকে তা টের পাইয়েছেন ডিওএইচএসের চার পেসার। দুই ‘হোসেন’ শাহাদাত ও নাজমুল এবং দুই ‘মাহমুদ’ খালেদ ও ডলার। কিন্তু দুপুর সোয়া একটায় শুরু হতে যাওয়া ফাইনালটা ২০ ওভারের ক্রিকেট বলে এসবের কিছুতেই বিশ্বাস আনতে নারাজ হাবিবুল। নিজ দলের দুই ওপেনার ইমতিয়াজ হোসেন এবং জুনায়েদ ইমরোজ সিদ্দিকী টুর্নামেন্টের শুরু থেকেই রান পাচ্ছেন। জুনায়েদ তো এদেশের টুয়েন্টি-টুয়েন্টি ক্রিকেট ইতিহাসের প্রথম সেঞ্চুরিসহ ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও করে ফেলেছেন। আফতাব আহমেদ স্বমহিমায় ফিরেছেন। সব মিলিয়ে নির্ভার থাকার কথা থাকলেও অবশ্য হাবিবুল ততটা নির্ভার নন,“এধরনের ক্রিকেটে আগে থেকে কিছু বলা কঠিন। ভাববেন একটা, হয়ে যাবে আরেকটা।”
কথাটা হাবিবুলের চেয়ে ভালো আর কে জানে! সোনারগাঁ ক্রিকেটার্সের বিপক্ষে ২২৬ রান করেও নিরাপত্তার অভাবে ভুগেছেন ম্যাচের বেশির ভাগ সময়। আবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে মাত্র ১১৫ রান করেও দেখেছেন জয়ের মুখ। নিজ দলের ফাইনালে খেলাকে শ্রম নিংড়ে দেওয়ার ফসলই বলছেন তিনি,“আমরা কষ্ট করে ফাইনালে উঠেছি। এখন ভালোভাবে শেষ করতে পারলে সেই কষ্টটা স্বার্থক হবে।” হাবিবুলের দৃষ্টিতে সার্থকতা আরো অর্থবহ হয়ে উঠবে যে কারণে তা হলো,“প্রিমিয়ার ক্রিকেটের সঙ্গে টুয়েন্টি-টুয়েন্টি এই প্রথম। তো এর প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়া মানে ইতিহাসের অংশ হতে পারা। আর ইতিহাসের অংশ হতে কে না চায়?”
ইতিহাসের অংশ হওয়াটা কিন্তু আকরাম খানেরও বিশেষ পছন্দের। ব্যস, দুই অধিনায়কের কাছ থেকে জম্পেশ লড়াই দেখার প্রতিশ্রুতি তো পেয়েই গেলেন!
