২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্লিনটফের নেতৃত্ব প্রশ্নের মুখে

পার্থেই অ্যাশেজ পুনরুদ্ধার নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। সেখানেই ইংলিশরা অ্যাশেজ হারানোয় জায়গার নামের সঙ্গে মিল রেখে জনপ্রিয় ট্যাবলয়েড ‘দি সান’ তাদের পেছনের পৃষ্ঠায় শিরোনাম করেছে ‘পার্থেটিক’, ‘প্যাথেটিক’ নয়। আর তাদের প্রতিবেদনে লিখেছে,‘ফ্রেডি ফ্লিনটফের দল পার্থে ফ্লপ মেরে অস্ট্রেলিয়ার হাতে ছাই ফিরিয়ে দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 04:10 PM

সেটা ঠিক ১৫ দিনের টেস্ট ক্রিকেটের পর। যা ইতিহাসের সংক্ষিপ্ততম রক্ষণ।’ বোঝাই যাচ্ছে ব্রিটিশ মিডিয়ার আক্রমণের লক্ষ্যবস্তু এখন একসময় তাদের চোখে ‘নতুন বোথাম’খ্যাত ফ্লিনটফ। কিন্তু ফ্লিনটফের নেতৃত্বে তিন টেস্টে ভরাডুবির পর আবার প্রশ্নের মুখে ফেলে দিয়েছেন তার নেতৃত্বকে।

‘দি ডেইলি এক্সপ্রেস’-এর শিরোনামে চোখ বুলালে সেটা আরো ভালো বোঝা যাওয়ার কথা,‘ফ্রেডের নেতৃত্ব কী শেষ নয়?’ নিয়মিত অধিনায়ক মাইকেল ভন ইনজুরিতে পড়ায় অ্যাশেজের জন্য নতুন এক অধিনায়ক বেছে নেয়ার দরকার ছিল ইংল্যান্ডের। এক্ষেত্রে অবশ্য ওপেনার অ্যান্ড্রু স্ট্রসই এগিয়ে ছিলেন। কিন্তু শেষপর্যন্ত নেতৃত্ব তুলে দেয়া হয় ফ্লিনটফের কাঁধে। সেসময় সাধুবাদ জানালেও এখন পুরো উল্টো অভিমতই আসছে ব্রিটিশ মিডিয়া থেকে।

অ্যাশেজ শেষে অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজও খেলবে ইংল্যান্ড। ওই সিরিজের জন্য বৃহষ্পতিবার স্কোয়াড ঘোষিত হবে। সেই দলের অধিনায়ক হিসেবে ফ্লিনটফকে আর দেখার ইচ্ছাই নেই ‘দি টাইমস’-এর। তারা তাদের পেছনের পৃষ্ঠার শিরোনাম করেছে,‘ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসেবে ফিরে আসবেন ভন।’

ইংল্যান্ডের বেশিরভাগ পত্রিকাই রিকি পন্টিংয়ের দলের কাছে প্রথম তিন টেস্টেই হেরে সিরিজ খোয়ানোর জন্য তাদের দলকে নিয়ে হাসি-ঠাট্টা-তামাশা করতে ছাড়েনি। ‘দি ডেইলি টেলিগ্রাফ’ যেমন লিখেছে,‘২০০৫-র গ্রীষ্মে অ্যাশেজ পুনরুদ্ধারের আগে ইংল্যান্ডকে অপেক্ষা করতে হয়েছিল ১৬ বছর ১৫ দিন। ঐতিহাসিক ছাই ইংল্যান্ডের অধিকারে থাকলো মাত্র এক বছর ৯৬ দিন ১২ ঘন্টা। আর অ্যাশেজ ফিরিয়ে নিতে রিকি পন্টিংয়ের দলকে খেলতে হলো মাত্র ৮৬ ঘন্টা ৪০ মিনিট।’ ফ্লিনটফের জন্য আরো সমালোচনা বরাদ্দ ছিল ‘দি গার্ডিয়ান’-এর পাতায়। ইংল্যান্ডের সাবেক পেসার মাইক সেলভি তার কলামে লিখেছেন,‘গতকাল (সোমবার) যদিও ফ্লিনটফ কিছু রান করেছে। কিন্তু তার ব্যাটিং তলানিতে পৌছেছে। এমনকি উইকেট নেয়ার সৌন্দর্যটাও সে হারিয়েছে।’