২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকল্প ভেবে রেখেছে ব্রাদার্স ইউনিয়ন

মাত্র তিন বছর আগের স্মৃতি। কত কাছের, অথচ সময়ের তুলনায় যেন এখন অনেকখানি ম্লান সেই ব্রাদার্স। যারা বছর তিনেক আগে ঢাকঢোল পিটিয়ে, ঘোড়ার গাড়িতে চেপে দলবদল করতে এসেছিল, দেশের বড় বড় ফুটবল তারকাকে একসঙ্গে জড়ো করে গোপীবাগের ক্লাবহাউস বাহারি আলোয় আলোকিত রেখেছিল পুরো মৌসুম, সেই ব্রাদার্স এবার ভাঙ্গা-হাট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2006, 07:25 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

যেমন মিছিল করে এসেছিলেন তেমনি ফিরতি মিছিলেই শরিক হয়েছেন তারকারা। তাই ব্রাদার্স ম্যানেজার আমের খান এখনো দলের কাঠামোই ঠিক করতে পারেননি। এক সপ্তাহ আগের মতোই বলছেন, “এখনো কিছু ঠিক হয়নি। ২১ তারিখ দলের খেলোয়াড়দের সবাইকে আসতে বলেছি এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে বলেছি। অনেকে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে, আবার অন্য দলের কাছ থেকেও টাকা নিয়েছে।” ২১ ডিসেম্বর, মানে আর মাত্র দু’ দিন; সেদিনই হয়তো ব্রার্দাস কর্মকর্তারা দলের ছন্নছাড়া হাল টের পাবেন পুরোপুরি।

২১ তারিখ কেন? সেটাও একটা বড় প্রশ্ন। তার উত্তর ব্রাদার্স ম্যানেজারের কাছ থেকে পাওয়া যায়নি। তবে ওই দিনের মধ্যেই চুক্তি অনুযায়ী বাকি টাকা বুঝিয়ে দিয়ে খেলোয়াড়দের নিজের করে নেবে ঢাকা আবাহনী। তখন হয়তো ব্রাদার্স কর্মকর্তাদের সুবিধা হবে দল গড়তে। তাদের অজান্তেই যে ব্রাদার্সে হানা দিয়েছে আবাহনী, এ খবরটা ইতিমধ্যেই জেনে গেছেন ব্রাদার্স-কর্তারা। খবর হচ্ছে, ব্রাদার্সের গোলরক্ষক তারেক, ডিফেন্ডার সুজন ও সিরাজী, মিডফিল্ডার আবুল ও প্রাণতোষ এবং স্ট্রাইকার এমিলির নতুন ঠিকানা হতে যাচ্ছে আবাহনী। আর পারভেজ বাবু যাচ্ছেন মুক্তিযোদ্ধায়। এটা সরাসরি স্বীকার না করলেও আমের খান বলেছেন , “ শুনেছি অনেকের অন্যান্য ক্লাব থেকে অফার আছে। কিন্তু আমাদের সঙ্গেও তারা কথা বলেছে, বিদেশে যাওয়ার জন্য আগে কিছু টাকাও নিয়েছে। অন্য ক্লাব থেকে অনেক বেশি অফার পেলে তাদের আমরা বাধা দেব না। ৫ টাকার জিনিস ৬ টাকায় কেনা যায়, কিন্তু ১২ টাকারও বেশি হয়ে গেলে তো আমাদের পক্ষে কেনা অসম্ভব।” এমিলিও স্বীকার করেছেন তাদের ডেকেছিল ব্রাদার্স, কিন্তু টাকা নেওয়ার বিষয়টা ঠিক নয় বলে তিনি দাবি করেছেন, “আমরা কোনো টাকা নিই নি। আর ব্রাদার্সের হয়ে বিদেশে খেলতে গেছি, তাই টাকা দিয়েছে।”

আসল ঘটনা হচ্ছে, আবাহনী-মুক্তিযোদ্ধা এবার দলবদলের লড়াইয়ে অনেক আগে থেকেই মাঠে। সে জায়গাতেই পিছিয়ে পড়েছে ব্রাদার্স আর যখন তৎপর হয়েছে তখন শুনছে দুঃসংবাদ – ঘরে সিঁদ কেটেছে অন্যরা। তবে নিজেরা “অসতর্ক” এমনটা মানতে রাজি নন ব্রাদার্স ম্যানেজার। আবার এ-ও বলছেন, “এবার বিদেশীরাই ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাই আমরা ৭ জন বিদেশীর জায়গা রাখব বলে ঠিক করেছি।” অথচ মাঠে খেলতে পারবেন মাত্র ৪ জন।

আরেকটা তথ্য, ব্রাদার্সকে গত দুটো লিগ শিরোপা এনে দেওয়ার ক্ষেত্রে বড় অবদান কিন্তু দেশী খেলোয়াড়দেরই।

এতদিন আস্থার প্রতীক হয়ে থাকা দেশী খেলোয়াড়রা চুরি যাওয়ায় আস্থা রাখতে হচ্ছে বিদেশীদের ওপরই।