গিলক্রিস্টদের তান্ডবে অসহায় ইংল্যান্ড
স্টিভ ওয়াহর সময় থেকেই ভালো খেলার অস্ট্রেলিয়ান সংজ্ঞাটা একটু অন্যরকম। টেস্ট ম্যাচও তারা খেলে ওয়ানডের ছকে ফেলে। দিনে ওভার প্রতি চার রান করে না নিতে পারলে রান যতই হোক, প্রতিপক্ষের চেয়ে যতই এগিয়ে থাকুক, সেই খেলা তাদের চোখে ‘মোটামুটি ভালো’-কখনোই ‘খুব ভালো’ নয়।
সে হিসেবে পার্থ টেস্টে প্রথম দিন একেবারে জঘন্য গেলেও অস্ট্রেলিয়ার জন্য তৃতীয় দিনটা গেল দারুণ। মাইক হাসি, মাইকেল ক্লার্ক আর অ্যাডাম গিলক্রিস্টের সেঞ্চুরিতে মাত্র ১১২ ওভারে ৫ উইকেটে ৫২৭ রান করে ইনিংস ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের ২৯ রান মিলিয়ে তাদের লিড দাঁড়িয়েছে ৫৫৬ রানের। দিন শেষে ১৯ রানে ১ উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড।
শনিবার বলতে গেলে পুরো দিনটাই ইংলিশ বোলারদের শাসন করেছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান রিকি পন্টিং (৭৫) আর ম্যাথু হেইডেন (৯২) অবশ্য বেশিক্ষণ অবিচ্ছিন্ন থাকতে পারেননি। ১ উইকেটে ১১৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ১৪৪ হয়ে যায় পন্টিং হার্মিসনের বলে কট বিহাইন্ড হলে। এরপর হেইডেন, হাসি আর সাইমন্ডসের উইকেটও তুলে নিয়েছে ইংল্যান্ড। তিনটি উইকেটই নিয়ে আগের ইনিংসের মতো এবারও ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার মন্টি পানেসার। সফল হওয়ার অন্যরকম জ্বালাও টের পেয়েছেন এই বাঁ-হাতি স্পিনার। সে কথা হোক একটু পরে। আগে আসুক বরং ম্যাথু হেইডেন আর অ্যান্ড্রু সাইমন্ডসদের জ্বালার কথা। প্রথম ব্যাটসম্যান হিসেবে অ্যাশেজে টানা ষষ্ঠ ফিফটি করার রেকর্ডকে মাইক হাসি আরো আনন্দময় করেছেন এবারের ফিফটিকে সেঞ্চুরিতে (১০৩) রূপ দিয়ে। মাইকেল ক্লার্ক পেয়েছেন টানা দ্বিতীয় সেঞ্চুরি (১৩৫*)। আর গিলক্রিস্ট? তার ব্যাট থেকে শুধু স্ঞ্চেুরি আসেনি, এসেছে ভিভিয়ান রিচার্ডসের পর সবচেয়ে কম বলে সেঞ্চুরি করার রেকর্ডও। মাত্র ৫৭ বলে সেঞ্চুরি করেছেন গিলক্রিস্ট। রিচার্ডসের রেকর্ডটি ৫৬ বলে সেঞ্চুরির (বনাম ইংল্যান্ড, সেন্ট জন্স, ১৯৮৫-৮৬ )। যা হোক, বলের হিসেবে দ্রুততম সেঞ্চুরিয়ান হতে না পারলেও, স্বদেশী জ্যাক গ্রেগরির ৬৭ বলের রেকর্ডটিকে (বনাম দক্ষিণ আফ্রিকা, জোহানেসবার্গ, ১৯২১-২২) ম্লান করে দ্বিতীয় সেরা হয়েছেন ঠিকই। রেকর্ডবুকে নাম ওঠাতে গিয়ে ইংলিশ বোলারদের নামিয়ে এনেছেন অলি-গলির ক্রিকেটারদের মানে। অপরাজিত ১০২ রানের ইনিংসে ১২ টি চার আর ৪ টি ছক্কা মেরেছেন গিলক্রিস্ট। তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল ব্যাট করার চেয়ে সহজ কাজ বুঝি আর হয়ই না। এমন দিনে সেঞ্চুরিা সম্ভাবনা জাগিয়েও সফল হতে পারলেন না হেইডেন। সাইমন্ডস পারলেন না এতদিন পর টেস্ট দলে সুযোগ পেয়েও নিজের ব্যাটিংপ্রতিভার সামান্য আলো ছড়াতে। হেইডেন আর সাইমন্ডসের হতাশাটা বোঝা গেল তো?
হতাশার জ্বালা বোধহয় মন্টি পানেসারেরই বেশি। হ্যাঁ, ম্যাচে ইংল্যান্ডের সফলতম বোলার হওয়ার পরেও। সফল হচ্ছিলেন বলেই তো গিলক্রিস্টের সামনেও পড়তে হয়েছিল তাকে। পরিনামে তার এক ওভারে তিন ছক্কা আর এক চার মিলিয়ে মোট ২৪ রান করে অ্যাশেজ ইতিহাসে ৬ বলের ওভারে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও গড়ে ফেললেন অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটসম্যান! গিলক্রিস্টের পিটুনিতে পানেসারের বোলিং বিশ্লেষনটাও হয়ে গেল লুকিয়ে রাখার মতো-৩৪-৩ ১৪৫-৩!
