হকির সাধারন সম্পাদকের যৌক্তিক প্রতিবাদ
কাতারেও দুঃসংবাদটা পৌঁছে গেছে। বাংলাদেশ হকি দলের খেলোয়াড়রাও জেনে গেছেন, এশিয়ার ১০টি দলের মধ্যে সপ্তম হয়েও নিজেদের দেশে আগামী বছর অনুষ্ঠেয় এসএ গেমস খেলার সুযোগ পাবেন না। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ঢাকা এসএ গেমস থেকে বাদ দিয়েছে হকি খেলাকে।
খবরটা শুনে ভীষণ মন খারাপ হয়ে গেছে হকি ফেডারেশনের সাধারন সম্পাদক শামসুল বারীর। শুনে যে বিওএ কর্মকর্তাদের কাছে দৌড়ে যাবেন তারও উপায় নেই। শারীরিক অসুস্থার জন্য সরাসরি গিয়ে কথা বলতে না পারলেও বারী যোগাযোগ করেছেন বিওএ’র চিফ অপারেশন অফিসার কর্ণেল (অব.) ওয়ালীর সঙ্গে। তাকে ফোন করে হকিকে অনুর্ভুক্ত করার আকুতি জানিয়েছেন। শামসুল বারীর একটাই কথা, “নিজেদের দেশে এসএ গেমস হবে, সেখানেও খেলার সুযোগ না পেলে হকি খেলাটা একেবারে ধ্বংস হয়ে যাবে। এই সিদ্ধান্ত হকি খেলোয়াড়দের জন্য খুবই হতাশাজনক হবে।” শরীর সুস্থ হওয়ার পর সম্পাদক সশরীরে গিয়ে দেখা করবেন বিওএ কর্মকর্তাদের সঙ্গে।
বাদ দেওয়ার পেছনের বিওএ’র য্ুিক্তগুলোর মধ্যে একটি আবাসন সমস্যা, অন্যটি হকি দলের পারফরম্যান্স। বিওএ’র ভারপ্রাপ্ত মহাসচিব কুতুব উদ্দিন এ সিদ্দান্ত নেওয়ার পর পরই জানিয়েছিলেন, “ভারত,পকিস্তান বা শ্রীলংকার মতো আমাদের এত হোটেল নেই। তাই অংশগ্রহনকারী দলগুলোকে ছোট করার জন্য আমরা হকিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” এই যুক্তিতে হকিকে বাদ দেওয়ার ব্যাপারটি মানতে নারাজ হকি সম্পাদক, “আমাদের তো খুব বেশি আর্ন্তজাতিক ম্যাচ খেলার সুযোগ নেই। এসএ গেমস থেকে হকিকে বাদ দিয়ে এ সুযোগটাও যদি ছেঁটে ফেলা হয় তাহলে আর কিছুই থাকবে না। আর আবাসনের সমস্যার কথা বললে ক্রিকেটের সংযুক্তি নিয়েও প্রশ্ন তোলা যায়।”
আসলে শুধু আবাসন নয়, হকির পারফরম্যান্সও বিওএ-কে এ পথে হাঁটতে প্রভাবিত করেছে। সেটা ভারপ্রাপ্ত মহাসচিব সরাসরি না বললেও কান পাতলেই বিওএ থেকে শোনা যাবে, “একটা ব্রোঞ্জের আশায় হকিকে অর্ন্তভুক্ত করে লাভ নেই।”
গত কলম্বো এসএ গেমসে হকি ব্রোঞ্জও পায়নি। তবে পদকের কথা উঠলে হকির সঙ্গে ব্যাডমিন্টন, টেবিল টেনিসও প্রশ্নের মুখে পড়ে যাবে। ২০০৪ সালে ইসলামাবাদ সাফ গেমস ও গত এসএ গেমসে (আগে অর্ন্তভুক্ত ছিল না) অংশ নিয়ে শূন্য হাতেই ফিরেছে বাংলাদেশ ব্যাডমিন্টন দল। অথচ সেই ’৯৬ সাল থেকে ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন বর্তমান বিওএ ভারপ্রাপ্ত মহাসচিব কুতুব উদ্দিন আহমেদ। তত্ত্বাবধায়ক সরকার আসার পর গত মাসেই সেই পদ হারিছেন তিনি। সুতরাং ব্যর্থতার দায়ভার তার কাঁধেই চাপবে স্বাভাবিকভাবে। আর টেবিল টেনিস কী দিয়েছে? ৭ বারের সাফ অভিযানে এই ডিসিপিলন থেকে বাংলাদেশের সংগ্রহ কেবল ৪টি ব্রোঞ্জ।
তুলনায় হকির পারফরম্যান্স কিন্তু গড় হিসেব করলে বেশ ভালো। দুবার অংশ নিয়ে একটি ব্রোঞ্জ। অথচ ব্যাডমিন্টন, টেবিল টেনিস বহাল তবিয়তেই আছে ঢাকা এসএ গেমসে, বাতিলের তালিকায় চলে গেছে হকি। এটাও একটা ক্ষোভের জায়গা হকি সম্পাদক শামসুল বারীর, “আমি বলছি না ব্যাডমিন্টন, টেবিল টেনিসকে বাদ দিতে। পদকের জন্যই খেলা হলে শুধু সেরা তিনটি দলই অংশ নিতো।”
