নতুন ভূমিকায় বাফুফের ডিসিপ্লিনারি কমিটি
খেলা হলে কিংবা খেলায় কোনো অঘটন ঘটলেই কেবল কর্ণেল ওবায়দুল্লাহর নেতৃত্বাধীন বাফুফের ডিসিপ্লিনারি কমিটি জেগে উঠত। এবার তাদের জাগিয়ে তোলা হচ্ছে নতুন এক দায়িত্ব দিয়ে।
গত ৪ ডিসেম্বর বাফুফে সম্পাদকের উপস্থিতিতে বাফুফে সদস্য ছাঈদ হাছান কানন ও আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রূপুর মধ্যে তর্ক-বিতর্ক এবং এক পর্যায়ে কাননের তেড়ে যাওয়ার ঘটনার তদন্ত করবে বাফুফের এই স্ট্যান্ডিং কমিটি। এ রকম দায়িত্ব তাদের প্রথমবারের মতোই দেওয়া হয়েছে। তবে কত দিনের মধ্যে তাদের রিপোর্ট দিতে হবে তা চূড়ান্ত হয়নি। বুধবার বাফুফের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বাফুফের কম্যুনিকেশন ম্যানেজার।
ওই ঘটনার প্রেক্ষিতে এর আগে রূপুকে কারণ দর্শাও নোটিশ পাঠিয়েছিল বাফুফে। তার জবাবের সঙ্গে আবাহনী আরেকটি কড়া ভাষায় সমালোচনা করা চিঠিও পাঠিয়েছে।
আগামী ৭ ফেব্রুয়ারি হংকংয়ের বিপক্ষে প্রি-অলিম্পিক বাছাই পর্বের ম্যাচের জন্য বাংলাদেশ দলের টেকনিক্যাল অ্যাডভাইজার করা হয়েছে কোচ আবু ইউসুফকে। আর সাইফুল বারী টিটুকে দেওয়া হয়েছে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব। ম্যানেজার থাকছেন যথারীতি আমীরুল ইসলাম বাবু।
এছাড়া বাফুফের সভায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে জেএফএ কাপ এবং ২২ ফেব্রুয়ারি থেকে অনুর্ধ্ব-১৪ ফুটবল শুরু হবে দেশব্যাপী। জেএফএ কাপের জন্য ৪৫ টি দলের এন্ট্রি জমা পড়েছে বলে জানা গেছে। সভায় বাফুফের বার্ষিক সাধারণ সভার দিন ধার্য করা হয়েছে আগামী ২৬ ডিসেম্বর।
