কর্মকর্তাদের কাণ্ডকীর্তিতে ক্ষুব্ধ মাদুগালে
রাজধানী থেকে বগুড়ায় আসার পথে বাসে সহযাত্রী হিসেবে পাওয়া গেল ক্রিকেট বোর্ডের অনেককেই।
শনিবার সন্ধ্যায় হাইওয়ে ভিলায় যাত্রা বিরতির সময় পাশ থেকে আম্পায়ার্স কমিটির ভাইস চেয়ারম্যান সয়লাব হোসেন টুটুল এবং আম্পায়ার্স ম্যানেজার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের কথোপকথন শোনা যাচ্ছিল।
“আচ্ছা, এবার ম্যাচ রেফারির খাওয়া-দাওয়ার বন্দোবস্ত ঠিকমতো করা হয়েছে তো?”-টুটুলের জিজ্ঞাসায় বাংলাদেশ দলের সাবেক স্পিনার সৈকতের জবাবে অন্য কিছুর গন্ধ ঠিকই পাওয়া যাচ্ছিল, “না, না। এবার কোনো ঝামেলা হবে না।”
কৌতুহলী হয়ে জানতে চাওয়ার পর তাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা, “না, এমন কিছুই নয়।”
তবে খোঁজখবর করে জানা গেছে, তার খাবার সরবরাহ করার ব্যর্থতার জন্য বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের ক্ষোভের কারণ হয়েছিল ক্রিকেট বোর্ড।
শুধূ তাই নয়। খুলনায় সিরিজের প্রথম ওয়ানডের বিরতির সময় বোর্ডের কয়েকজন চাকুরের উইকেটের কাছাকাছি চলে যাওয়ার ঘটনায়ও একহাত নেওয়ার সুযোগ পেয়েছেন ম্যাচ রেফারি। তাকে বুঝিয়ে-সুঝিয়ে শান্ত করা গেছে বটে। কিন্তু তাতে অব্যবস্থাপনার চিত্র দুটো তো আর মুছে যায়নি।
আইসিসির নিয়ম অনুযায়ী ম্যাচের বিরতিতে উইকেটের কাছে যাওয়ার অধিকার রাখেন শুধু দুই দলের কোচ. অধিনায়ক, কিউরেটর এবং প্রয়োজনে কয়েকজন মাঠকর্মী।
কিন্তু খুলনায় প্রথম ওয়ানডের সময় সেখানে ম্যাচ রেফারির চোখে পড়ে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দুই চাকুরে ইমরান আবেদীন ও আব্দুল্লাহ ফারুক জন।
প্রথমজন বিসিবির গ্রাউন্ডস ম্যানেজার এবং পরেরজন কমার্শিয়াল ম্যানেজার। দুজনই বোর্ডের চাকরিতে যোগ দিয়েছেন খূব বেশিদিন হয়নি।
ম্যাচের বিরতিতে দুজনের উইকেটে চলে যাওয়ার ঘটনাকে স্রেফ অজ্ঞতার কারণে ঘটেছে বলেও তারা স্বীকার করে নিয়েছেন।
অবশ্য সেটাই স্বাভাবিক। কেননা ক্রিকেট বোর্ডে ইদানীং এমন কিছূ লোকও নিয়োগ পাচ্ছেন যাদের ক্রিকেট ব্যাকগ্রাউন্ড বলতে কিছুই নেই।
এই যেমন ইমরান কিছূদিন আগেও ছিলেন একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের লেকচারার। অথচ বিসিবিতে নিয়োগ পেয়েছেন গ্রাউন্ডস ম্যানেজার পদে।
এজন্য ম্যাচ রেফারি চড়া গলায় দু-চারটা কথা শোনানোর পর বিসিবিকে এই বলে পার পেতে হয়েছে, ‘আর কখনও এমন হবে না।’
ওই ম্যাচের বিরতিতে তার খাবার সরবরাহ না করার মতো ঘটনা মাদুগালের ক্ষোভের পালে হাওয়া জুগিয়েছে আরো।
নিয়ম অনুযায়ী ম্যাচ অফিশিয়ালদের জন্য আলাদাভাবে খাবার সরবরাহ করার কথা। কিন্তু লাঞ্চের সময় তাদের জন্য নির্ধারিত ডাইনিংয়ে গিয়ে দেখেন খাবার নেই।
পরে লিঁয়াজোর কাছ থেকে জিম্বাবুয়ে দলের সঙ্গে খাবার ভাগাভাগি করার প্রস্তাব শুনে মাদুগালে আরও চটে যান।
এমনকি জিম্বাবুয়ে দলের লাঞ্চ শেষ হওয়ার পর অবশিষ্ট খাবার তার জন্য নিয়ে যাওয়ার মতো অবিশ্বাস্য ঘটনাও ঘটেছে।
‘ক্লিন অ্যান্ড হট’ খাবার চেয়ে আতিথেয়তার কী দারুণ নমুনাই না দেখেছেন মাদুগালে!
তবে মন্দের ভালো, আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামকে অনুমোদন দেওয়া যায় কিনা, তা খতিয়ে দেখতে গিয়ে সেসবের কিছুই মনে রাখেননি মাদুগালে। আইসিসির লিখিত অনুমতি এখনো না মিললেও মৌখিক অনুমতি নাকি পাওয়া গেছে।
তাই মিরপুরে ৮ ও ৯ ডিসেম্বর সিরিজের শেষ দুটো ম্যাচের টিকেট ছাপার কাজও শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন বিসিবির এক শীর্ষ কর্তা।
