২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাফিসের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের সহজ জয়

ওপেনার শাহরিয়ার নাফিসের নজরকাড়া অপরাজিত সেঞ্চুরির সুবাদে জিম্বাবুয়ের বিরুদ্ধে অনবদ্য জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2006, 11:37 PM

Updated : 26 Apr 2022, 04:06 PM

খুলনার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে বলার মতো কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি সফরকারী দলটি।

টাইগারদেরদের যখন মাত্র দুই রান প্রয়োজন ঠিক সে সময় প্রতিপক্ষের লেগ স্পিনার রায়ান হিঙ্গিসের বল সীমানার বাইরে পাঠিয়ে দিয়ে শাহরিয়ার নাফিসই দলকে জয়ের শেষ ধাপে পৌঁছে দেন। তখনো বাকি ছিল ২৭ বল আর হাতে ছিল ৯ উইকেট।

সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে এমন আয়েশী জয় বাংলাদেশ শিবিরের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়ার পাশাপাশি খুশির বন্যায় ভাসিয়েছে নাফিসকেও। বর্তমানে তিনি দেশের পক্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক। তার সেঞ্চুরির সংখ্যা দাড়ালো তিনে।

মিডিয়াম পেসার মুলুলিকি নাকালার বল স্কয়ারলেগে পাঠিয়ে এক রান নিয়ে তিনি তার তৃতীয় শতক স্পর্ষ করেন।

এই বাঁহাতি ব্যাটসম্যান অক্টোবরে ভারতে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে একই প্রতিপক্ষের বিরুদ্ধে অপরাজিত ১২৩ রান করেন। নাফিসের তিনটি সেঞ্চুরির সবকটিই জিম্বাবুয়ে দলের বিরুদ্ধে।

ওপেনার মেহরাব হোসেন জুনিয়র ব্যক্তিগত মাত্র ১৩ রানে সিন ওইলিয়ামসের বলে কট অ্যান্ড বোল্ড হয়ে প্যাভেলিয়ানে ফিরে গেলে দলের স্কোর দাড়ায় ১ উইকেটে ৭২। পরে সহ-অধিনায়ক নাফিস এবং আফতাব আহম্মেদ অপরাজিত দ্বিতীয় উইকেট জুটিতে জিম্বাবুয়ে বোলারদের তুলোধুনা করে দলের স্কোরবোর্ডে ১১৪ রান যোগ করেন।

নাফিস ১৩৮ বলে ১৩ টি চারের সাহায্যে ১০৫ রান করেন। আফতাব ৮৮ বলে ৩ টি ছয় ও ২ টি চারের সাহায্যে ৬০ রান করেন।

নাফিস ও আফতাব উভয়েই এ ম্যাচে ১ হাজার রানের মাইলস্টোন পার করে খালেদ মাসুদ (১৮০৭), হাবিবুল বাশার (১৭৩৮), মোহাম্মদ আশরাফুল (১৪১১) এবং মোহাম্মদ রফিকের (১০৭৮) দলে যোগ দিয়েছেন।

২৯ টি ওয়ানডে ম্যাচ খেলে বর্তমানে নাফিসের রান ১০৫৮ এবং ৪৩ টি ওয়ানডেতে আফতাবের সংগ্রহ দাড়ালো ১০১৮ রান।

এর আগে স্বাগতিক দলের বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রফিক, সাকিব আল হাসান এবং মেহরাব হোসেন জুনিয়র জয় তুলে নিতে দলের ব্যাটসম্যানদের জন্য একটি সহজ টার্গেট নিশ্চিত করে দেন।

টস জিতে ব্যাট করতে নামার পর জিম্বাবুয়ে দলকে তারা মোটেও স্বস্তিতে থাকতে দেয়নি। খুলনার ছেলে আব্দুর রাজ্জাক ৩৩ রানে ৪ উইকেট নেন। এছাড়া সাকিব জুনিয়র ও রফিক যথাক্রমে ৩০ ও ৩৫ রান খরচ করে দুটি করে উইকেট নেন।