রফিক ওয়ানডেতে ১০০ উইকেটের অধিকারী প্রথম বাংলাদেশী
খুলনায় জিম্বাবুয়ের বিরুদ্ধে দুই উইকেট নিয়ে বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিক প্রথম বাংলাদেশী বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেট দখলের কৃতিত্ব অর্জন করলেন বৃহস্পতিবার।
শেন উইলিয়ামস ও ব্রেন্ডন টেলরের উইকেট তুলে নিয়ে ১০৪ তম ওয়ানডে ম্যাচে রফিক এই মাইলস্টোন স্পর্শ করেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রফিক বলেন, “ওয়ানডে ম্যাচে ১ হাজার রান পাওয়ার পর ১০০ উইকেট পাওয়া সবসময়ই একটি ভালো খবর।”
তিনি বলেন, “সবাই দেখতে চায় আমি যেন প্রত্যেক ম্যাচেই উইকেট পাই। আর আমি নিজেও প্রত্যেক ম্যাচে উইকেট নেওয়ার চেষ্টা করি।”
ওয়ানডে ম্যাচে ১৩ দশমিক ৬৪ গড়ে ১০৭৮ রানের অধিকারী এই খেলোয়ার বলেন, “ উইকেটের দিক থেকে সেঞ্চুরী করার পর আমি এখন বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের একটি অংশ। আর সত্যি করে বলছি আমি আসলেই গর্ব বোধ করছি।”
রফিক বৃহস্পতিবার ১০ ওভারে ৩৫ রান দিয়ে দুটি উইকেট নেন।
রফিকের পর বাংলাদেশের পক্ষে ওয়ানডে ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ইউকেট শিকারী হলেন খালেদ মাহমুদ সুজন। চলতি বছরের প্রথমদিকে অবসরে যাওয়ার আগে এই অলরাউন্ডার ৭৭ ম্যাচ খেলে ৬৭ উইকেট সংগ্রহ করেন।
এছাড়া পেসার মাশরাফি বিন মোর্তাজা এবং তাপস কুমার বৈষ্য, দুজনেই ৫৬ টি করে উইকেট নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন।
