২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যাচের প্রথম দিনে দাপট ছিল বোলারদেরই

রাজশাহীর বিপক্ষে চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে মাশরাফি বিন মুর্তজা প্রথম বলটি যখন করেন তখন ব্যাটিংয়ে কে আছেন সেদিকে কারোরই খেয়াল নেই।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2006, 10:22 PM

Updated : 26 Apr 2022, 04:02 PM

খেয়াল হলো, যখন তার প্রথম বলেই ওপেনার জহিরুল পয়েন্টে দাঁড়িয়ে থাকা সাগরের হাতে ক্যাচ তুলে দিয়ে হাঁটা ধরলেন প্যাভিলিয়নের পথে। হ্যাঁ, রাজশাহীর পক্ষে ওপেনিংয়ে ব্যাটিং করতে নেমেছিলেন জহিরুল। সঙ্গী ছিলেন জুনায়েত সিদ্দিকী। স্কোর-রাজশাহী শূন্য রানে এক উইকেট।

এর আগে দিনের শুরুতে খুলনা দলের দলনায়ক তুষার ইমরান টসে জিতে রাজশাহীর দলনায়ক পাইলটকে ব্যাটিংয়ে পাঠিয়ে যে ভুল করেননি তার প্রমাণ পাওয়া গেল প্রথম বলেই। একেই আকাশ মেঘাচ্ছন্ন। তার ওপর হালকা কুয়াশায় পিচে ছিল যথেষ্ট আদ্রর্ত। ফায়দা তাই তুষার ইমরানেরই। বোলার সাইডটাও ছিল খুলনার পক্ষে। মাশরাফির সাথে সৈয়দ রাসেল।

প্রথম উইকেট পতনের পর ব্যাটিংয়ে নামলেন তরুণ খেলোয়াড় ফরহাদ রেজা। তবে জুনায়েত-ফরহাদের জুটিও টেকেনি বেশিক্ষণ। ব্যক্তিগত ৭ রানে ফিরে যান জুনায়েত।

সেকেন্ড ডাউনে ব্যাটিং করতে এসে নাঈম ইসলাম ৭৪ বলে ১০৪ মিনিট সময় নিয়ে পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে ব্যক্তিগত ৩৭ রান করে দলকে কিছুক্ষণের জন্য বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন। তবুও যেন খালেদ মাসুদ পাইলট নিশ্চিন্ত হতে পারেননি।

একের পর এক উককেট পতনে দলনায়ক পাইলটের হা-হুতাস করা ছাড়া আর কী বা করার ছিল!

শেষ পর্যন্ত স্কোরটা গিয়ে দাঁড়ালো-রাজশাহী: ৬১ দশমিক চার ওভারে ১২৭ রান।

রাজশাহীর পক্ষে মুসফিকুর রহমান বাবু অপরাজিত ১৯, হাসানুজ্জামান রোজেল ১৪, খালেদ মাসুদ পাইলট ১২, সোরওয়াদী শুভ ও মুসফিকুর রহিম দু’জনে ১০ রান করে করেন। অতিরিক্ত থেকে আসে ১১ রান।

খুলনার পক্ষে বোলার মাসরাফি ২৭ রানে চার উইকেট দখল করেন। অবশ্য তিনি রাজশাহীর শেষের দিকের ব্যাটসম্যান শাহাজাদা ও সাফাক আল জাবিরের পর পর উইকেট দুটি নিয়ে হ্যাট্রিকের আশাটাও জিইয়ে রাখলেন।

এ ছাড়া জিয়াউর রহমান ১৫ রানে তিনটি ও সৈয়দ রাসেল ৪৭ রানে দুইটি উইকেট পান।

চা বিরতির পর প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে দলীয় সাত রানের মাথায় নাজমুস সাদাতের উইকেটটি হারিয়ে স্বাগতিক দলের মত খুলনা দলেরও একই অবস্থা দাঁড়ায়। দিন শেষে ১৫ ওভারে দুই উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে তারা। সাজ্জাদুল হাসান ২০, সাকিবুল হাসান ১২ রান নিয়ে শুক্রবার সকাল ৯টায় ব্যাট করতে নামবেন। রাজশাহীর পেস বোলার সাফাক আল জাবির ২৩ রানের বিনিময়ে দুইটি উইকেট লাভ করেন।

এর আগে বেলুন, ফেস্টুন উড়িয়ে এই ভেন্যুর খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোসলেহ উদ্দিন।