গ্রামীণের নতুন খাদ্য পণ্যের উদ্বোধন করলেন জিদান
ফুটবল সম্রাট জিনেদিন জিদান ‘শক্তিদই’ নামের নতুন একটি খাদ্য পণ্য উদ্বোধন করেছেন বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে।
ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ গ্রুপ এবং বিখ্যাত ফরাসী খাদ্য প্রস্ততকারী কোম্পানি ডানোন এর যৌথ উদ্যোগে গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড পুষ্টিকর এই শক্তিদই উৎপাদন করবে।
দেশের শিশুদের বড় একটা অংশ অপুষ্টির শিকার। তাদের অপুষ্টি দূর করার লক্ষ্যেই এই পণ্যের যাত্রা। শক্তিদই হলো দুধ এবং খেজুরের গুড় দিয়ে তৈরী একপ্রকার বিশেষ দই যা দেহের পুষ্টির যোগান দেবে।
জিদান ড. ইউনূসের আমন্ত্রণে সোমবার রাতে ঢাকা আসেন। গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের খাদ্য উৎপাদন কারখানাটি উদ্বোধনের জন্য তার বগুড়া যাওয়ার কথা ছিলো। কিন্তু দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ওই কর্মসূচি বাতিল করা হয়। এর বিকল্প হিসেবে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে জিদান কারখানাটির একটি ভিত্তিপ্রস্তর ফলকে সাক্ষর করেন।
গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা জানান, বগুড়ায় স্থাপিত প্রথম উৎপাদন কেন্দ্রটিতে গ্রামীণ এবং ডানোন যৌথভাবে ২৫০ মিলিয়ন টাকা (৩.৬২ মিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করছে। এ খাদ্য দেশের বিপুল সংখ্যক শিশুর পুষ্টিহীনতা কাটিয়ে উঠতে সাহায্য করবে বলেও তারা জানান।
ড. ইউনূস সংবাদ সম্মেলনে বলেন, পণ্যটি দেশের দরিদ্র শিশুদের জন্য উৎপাদন করা হবে। দরিদ্র পরিবারগুলো যাতে তাদের সন্তানদের জন্য এ খাদ্য কিনে দিতে পারে তার জন্য এর দামও নির্ধারণ করা হবে কম।
তিনি আরও বলেন, আমরা এ পণ্য থেকে নামমাত্র মুনাফা পেতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অবশিষ্ট মুনাফা এ প্রকল্প সম্প্রসারণে ব্যয় করা হবে। তবে তিনি এটাও বলেন, এটি কোন দাতব্য কর্মসূচি নয়, কিন্তু এটি একটি সামাজিক বাণিজ্য।
কর্মকর্তারা জানান, দেশের প্রত্যেকটি দরিদ্র শিশুর দোরগোড়ায় পৌঁছানোর লক্ষ্যে দেশব্যাপী আমাদের আরো ৫০ টি উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে।
ডানোন গ্রুপের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রাঙ্ক রিবাউড বলেন, দেশের আপামর জনগোষ্ঠীর কাছে এ পণ্য পৌঁছানোর লক্ষেই আমাদের এই যাত্রা।
