ঢাকায় জয়সুরিয়া ও সাঙ্গাকারা প্রতিপক্ষ
শ্রীলংকার বিধ্বংসী ওপেনার সনথ জয়সুরিয়া সোমবার বেক্সিমকোর বিপক্ষে খেলতে বাংলাদেশ এসেছেন। গ্রামীণফোন করপোরেট লীগের ফাইনালে মঙ্গলবার তিনি একমির পক্ষে খেলবেন।
শ্রীলংকা জাতীয় দলের দুই প্রধান খেলোয়াড় সনাথ জয়সুরিয়া ও কুমার সাঙ্গাকারা পরস্পরের প্রতিপক্ষ হিসেবে লড়ছেন এই ফাইনালে। ধানমণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে শ্রীলংকা দলের সাবেক অধিনায়ক জয়সুরিয়া না সাঙ্গাকারার মুখে হাসি ফুটে এটাই এখন দেখার বিষয়।
বেক্সিমকোকে ফাইনালে তুলে আনার জন্য যার অবদান সবচেয়ে বেশি সেই কুমার সঙ্গাকারাও শ্রীলংকান জাতীয় দলের ওপেনিংয়ে তার অপর সঙ্গী জয়সুরিয়ার মুখোমুখি হওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
সোমবার জয়সুরিয়া জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরে সাংবাদিকদের বলেন, “দেশে আমি অবসর সময়ই কাটাচ্ছিলাম। তাই একমির প্রস্তাবটি ফেলে দিতে পারিনি।”
৩৭ বছরের বাহাতি ব্যাটস্ম্যান জয়সুরিয়া আরও বলেন, “বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলা আমার জন্য নতুন নয়”
১৯৯৬ এর বিশ্বকাপ জয়ের পর পর জয়সুরিয়া বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে মোহামেডানের পক্ষে খেলেন। একমির লাইন আপে জয়সুরিয়া ভারতীয় ক্রিকেটার সন্দীপ শর্মার জায়গাটা পাচ্ছেন। একই দলে আছেন বাংলাদেশ জাতীয় দলের দলনায়ক হাবিবুল বাসার, আফতাব আহমেদ ও মোহাম্মদ রফিকও।
বেক্সিমকো গ্রুপও পিছিয়ে নেই। শিরোপা ধরে রাখার জন্য সাঙ্গাকারাকে উড়িয়ে আনে সেমি ফাইনালের আগে। ফলও পেয়েছে সাথে সাথে। সেমি ফাইনালে তার ব্যক্তিগত ৬৯ রানের ওপর ভর করে পারটেক্সের বিরুদ্ধে বেক্সিমকোর ৬১ রানের জয় সেই কথাই বলে। বেক্সিমকোর জয়রথ ধরে রাখতে সাঙ্গাকারা খেলবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান, খালেদ মাসুদ সুজন, মোহাম্মদ আশরাফুল এবং মাশরাফি মুর্তজার সাথে একই দলে।
