আগামী মাসেই আর্ন্তজাতিক ভেন্যু হিসেবে যাত্রা শুরু করতে পারে বগুড়া স্টেডিয়াম
মার্চে আসন্ন বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার সিরিজ দিয়েই বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের আর্ন্তজাতিক ভেন্যু হিসেবে যাত্রা শুরু হতে পারে।
টেস্ট ঘরানার শিশু, বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্ট এবং তিনটি একদিনের সীমিত ওভারের ম্যাচ খেলতে ১৭ ফেব্র“য়ারি ঢাকা আসবে শ্রীলঙ্কা। সিরিজের ম্যাচগুলো বগুড়া, চট্টগ্রাম এবং ঢাকায় অনুষ্ঠিত হবে, উল্লেখ করে আইসিসির কাছে ইতোমধ্যেই সফরসূচী পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
তবে বোর্ড সম্পাদক মাহবুব আনাম সাংবাদিকদের কাছে ভেন্যুগুলোর নাম উল্লেখ না করে জানান, আইসিসির কাছে শ্রীলঙ্কার বাংলাদেশ সফরের যে সূচী পাঠানো হয়েছে তাতে বগুড়াতে দু’টি ওয়ানডে, চট্টগ্রামে একটি ওয়ানডে, একটি টেস্ট এবং ঢাকায় একটি টেস্ট আয়োজনের কথা বলা হয়েছে।
আইসিসির ম্যাচ রেফারী রোশন মহানামা দেশের পাঁচটি ভেন্যু ঘুরে দেখে আইসিসির কাছে যে রিপোর্ট পেশ করবেন তার উপরই নির্ভর করছে ভেন্যুগুলোর আন্তর্জাতিক মর্যাদা পাওয়ার বিষয়টি। তবে আইসিসি যদি তিনটি শহরের ভেন্যুগুলোকে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা না দেয় সেক্ষেত্রে বিকল্প ভেন্যুও ঠিক করে রেখেছে ক্রিকেট বোর্ড।
মাহবুব আনাম অবশ্য বেশ কয়েকটি ভেন্যুর আর্ন্তজাতিক মর্যাদা পাওয়ার ব্যাপারে আশাবাদী।
আইসিসি ম্যাচ রেফারী রোশন মহানামা টেস্ট ভেন্যুর যৌক্তিকতা খুঁজে দেখতে গত কয়েকদিনে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম, খুলনা বিভাগীয় স্টেডিয়াম, চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়াম, ফতুল্লা ক্রিকেট স্টেডিয়াম এবং মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেন। শুক্রবার সকালে ঢাকা ত্যাগ করবেন শ্রীলঙ্কান সাবেক এই টেস্ট ক্রিকেটার।
ভেন্যু পরিদর্শনের ব্যাপারে মহানামা জানান, আইসিসির কোড অব কন্ডাক্টের কারণে পরিদর্শনকৃত ভেন্যু সম্পর্কে কোন মন্তব্য করা যাবে না। তিনি আরও জানান, পরিদর্শনের রিপোর্ট দু’ একদিনের মধ্যে আইসিসির কাছে পেশ করার পর আইসিসি এক সপ্তাহের মধ্যে এর ফলাফল বিসিবিকে জানিয়ে দেবে। আর এরপরই বিসিবি তা সাংবাদিকদের জানাতে পারবে।
পরিদর্শনকৃত পাঁচটি ভেন্যুর মধ্যে বগুড়া, খুলনা ও চট্টগ্রাম ভেন্যুর নির্মান কাজ ইতোমধ্যে শেষ হলেও ঢাকার দুই ভেন্যু- মিরপুর এবং ফতুল্লা স্টেডিয়ামের কাজ এখনও চলছে। তবে আশা করা যাচ্ছে ১৫ ফেব্র“য়ারির আগেই ভেন্যু দু’টি আর্ন্তজাতিক ম্যাচ আয়োজনের উপযোগী করে তোলা সম্ভব হবে।
মিরপুর এবং ফতুল্লা স্টেডিয়ামের প্রাথমিক কাজগুলো দ্রুত সম্পন্ন করতে মাহবুব আনাম জাতীয় ক্রীড়া পরিষদ এবং সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
ঢাকার এই দুই স্টেডিয়ামের প্লেয়ার্স লাউঞ্জ, মিডিয়া সেন্টার, প্রেস বক্স, ম্যাচ রেফারীর কক্ষ নির্মাণের কাজ এখনও চলছে।
ধারনা করা হচ্ছে নির্মাণাধীন ঢাকার দুই স্টেডিয়ামের আর্ন্তজাতিক মর্যাদা পাওয়ার ক্ষেত্রে আইসিসির ইতিবাচক সাড়া পাওয়া যাবেনা। আর ঢাকার একমাত্র ভেন্যু ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টডিয়াম, যা এখন ফুটবলের দখলে। ফলে ঢাকায় অনুষ্ঠেয় সিরিজের শেষ টেস্ট ম্যাচটি বগুড়াতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আইসিসির স্বীকৃতিপ্রাপ্ত দেশের অপর ভেন্যু হচ্ছে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম।
