২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বিভাগ ক্রিকেটে প্রান্তিকের বিস্ময়কর পরাজয়

জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল মাত্র তিন রান। হাতে ছিল চারটি উইকেটও। কিন্তু তারপর ইয়ং পেগাসাসের বিরুদ্ধে জয় তুলে নিতে পারেনি প্রান্তিক ক্রীড়া চক্র। বিস্ময়কর হলেও বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে প্রথম বিভাগ ক্রিকেট লিগে ঠিক এমনটিই ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 08:06 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

শেষ ওভারে চার উইকেট খোয়ানোর ফলে দুই রানে হার মানে প্রান্তিক। ১৮ রানে চার উইকেট নিয়ে প্রান্তিকের মূল ক্ষতিটা করেছেন বিজয়ী দলের বোলার সনি। পাশাপাশি ব্যাট হাতেও করেছেন ৪৫ রান।

এর আগে প্রথম ব্যাট করে লিগের শীর্ষ দল ইয়ং পেগাসাস সবকটি উইকেট হারিয়ে ২১৩ রান করে। দলের পক্ষে শরীফ ৬৩ রান করেন। প্রান্তিকের নাসিরুল ২২ রানে নেন তিন উইকেট। জবাবে প্রান্তিক ৪৯ দশমিক পাঁচ ওভারে ২১১ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করেন আসলাম।

ইয়ং পেগাসাস ছাড়া একইদিন জয় পেয়েছে গাজী ট্যাংক এবং লালমাটিয়া ক্লাব।

সিটি ক্লাব মাঠে গাজী ট্যাংক চার উইকেটে হারিয়েছে ধানমন্ডি ক্লাবকে। প্রথম ব্যাট করে ধানমন্ডি ক্লাব ৫০ ওভারে সব উইকেট খুইয়ে ২৫৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। দলের পক্ষে মোস্তাফিজ ১৩৬ রান করেন।

জবাবে গাজী ট্যাংক ছয় উইকেটে ২৬৩ রান করে জয় তুলে নেয়। দলের পক্ষে পল্টু চমৎকার ১৩২ রান করে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন। এছাড়া সোহাগ করেন ৬১ রান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল মাঠে লালমাটিয়া ক্লাব পাঁচ উইকেটে হারিয়েছে উত্তরা স্পোর্টিং ক্লাবকে। প্রথম ব্যাট করে উত্তরা ১৫৬ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩২ রান করেন বাবু। জবাবে লালমাটিয়া পাঁচ উইকেট খুইয়ে ১৫৫ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। শিমুল ৪২ এবং রসি ৩০ রান করেন।