সুপার সিরিজেই আম্পায়ারিংয়ের নতুন নিয়ম
আম্পায়ারিংয়ের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, মাঠ ও টেলিভিশন আম্পায়ারদের মধ্যে সিদ্ধান্তের আদান-প্রদান এবং যে কোন বিষয়ে আলোচনার সুযোগ সংক্রান্ত ক্রিকেটে নতুন নিয়ম পরীক্ষামূলকভাবে অস্ট্রেলিয়া ও বিশ্ব একাদশের মধ্যে অক্টোবরের সুপার সিরিজেই কার্যকর হবে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আইসিসি’র এলিট প্যানেল রেফারির প্রধান রঞ্জন মাদুগালে জানান, প্রতিটি ম্যাচেই আমরা নতুন প্রযুক্তি পরীক্ষামূলকভাবে ব্যবহার করব।
মাঠ ও মাঠের বাইরের টেলিভিশন আম্পায়ারদের মধ্যে সিদ্ধান্ত প্রেরণ, আলোচনা সংক্রান্ত নতুন নিয়মাবলী সুপার সিরিজের তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ও একটি টেস্ট ম্যাচে কার্যকর হবে। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ৫, ৭ ও ৯ অক্টোবর ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। এছাড়া ১৪ অক্টোবর ছয়দিনের টেস্ট ম্যাচটি সিডনিতে শুরু হবে।
বিবৃতিতে বলা হয়, রান আউট ও স্ট্যাম্পিংয়ের ক্ষেত্রে প্রচলিত নিয়মেই মাঠের আম্পায়াররা টেলিভিশন আম্পায়ারদের দ্বারস্থ হতে পারবেন। এসব ক্ষেত্রে টেলিভিশন আম্পায়াররাই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
নতুন নিয়মের আওতায় অন্যান্য আউটগুলোর ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগে মাঠের আম্পায়াররা টেলিভিশন আম্পায়ারদের সাথে আলোচনা করতে পারবেন।
এছাড়া সুপার সিরিজের জন্য আইসিসি আম্পায়ার প্যানেলও নির্বাচিত করেছে। পাকিস্তানের আলিম দার, অস্ট্রেলিয়ার ডেরেল হেয়ার ও সাইমন টাফেল এবং দক্ষিণ আফ্রিকার রুডি কোয়ার্টজেন সুপার সিরিজের চারটি ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন।
