শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশ হোয়াইটওয়াশ
কলম্বোয় দ্বিতীয় টেস্টে শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশের পরাজয় অবশ্যম্ভাবী ছিল।
কিন্তু তার জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে, সেটিই ছিল মূখ্য বিষয়। বেশিক্ষণ অবশ্য অপেক্ষা করতে হয়নি। তৃতীয় দিন লাঞ্চের আগেই শ্রীলংকা বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার ব্যাপারটি নিশ্চিত করে।
বোলার রঙ্গনা হেরাথ আর চামিন্দা ভাস দ্রুত বাংলাদেশের পাঁচটি উইকেট তুলে নিলে শ্রীলংকা ম্যাচ জেতে এক ইনিংস ও ৬৯ রানে। ২০০০ সালে টেস্ট আঙ্গিনায় পা রাখার পর ৪০ টেস্টে এটা বাংলাদেশের ৩৫তম পরাজয় আর ইনিংস পরাজয় ২৪তম।
বাঁ হাতি স্পিনার হেরাথ ৫২ রানে তিনটি এবং ফাস্ট বোলার ভাস ৩৬ রানে তিন উইকেট শিকার করে সফরকারীদের পরাজয় ত্বরান্বিত করেন।
আগের দিনের চার উইকেটে ১৩১ রান নিয়ে খেলতে নেমে বাংলাদেশ অবশিষ্ট ছয় উইকেট হারায় মাত্র ২৭ রানে। ৬০ দশমিক ৪ ওভারে বাংলাদেশ এই রান করে। এই প্রথম সফরকারী দল দুই টেস্টেই পঞ্চাশ ওভারের বেশি খেলতে সক্ষম হলো।
দুই টেস্টের চার ইনিংসে বাংলাদেশ দু’শো রানের কোটাই পার হতে পারেনি এবং দু’টি ম্যাচই তিনদিনে হেরে যায় টাইগাররা।
এই অমার্জনীয় ব্যর্থতার জন্য অধিনায়ক দলের দুর্বল ব্যাটিংকেই দায়ী করলেন। তিনি বলেন, পুরো সিরিজেই আমরা ভালো ব্যাট করতে পারিনি। টপ অর্ডার ব্যাটসম্যানদের কাছ থেকে বড় ইনিংস আশা করেছিলাম। আমাদের শুরুটা ভালো হলেও পরে আর তা ধরে রাখতে পারিনি। ফলে প্রতিটি ম্যাচই কঠিন হয়ে গেছে।
স্বাগতিকদের ৪৮ রানে চার উইকেটের পতনের পরও তিলকরত্নে, দিলশান আর থিলান সামারাবীরা দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ বের করে নেন বলে মনে করেন বাশার।
দিলশান ও সামারাবীরার জোড়া শতকে ভর করে শ্রীলংকা নয় উইকেটে ৪৫৭ রান তুলে ইনিংস ঘোষণা করে। এই অসাধারণ পারফরমেন্সের সুবাদে সামারাবীরা ম্যান অব দ্য ম্যাচ আর দিলশান ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন।
ম্যাচের তৃতীয় দিনের শুরুতে চামিন্দা ভাস নিজের দ্বিতীয় ওভারে মোহাম্মদ আশরাফুলকে ফিরিয়ে দিয়ে ধ্বংস যজ্ঞের সূচনা করেন। আশরাফুল আগের দিনের ২১ রানের সাথে আর মাত্র পাঁচ রান যোগ করেই প্রথম স্লিপে সামারাবীরার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। এরপর এক রান করে নাইটওয়াচম্যান শাহাদত হোসেন রাজীবও ভাসের শিকারে পরিনত হন।
আফতাব আহমেদ ২৫ রান করে স্লিপে সেই সামারাবীরার হাতে ধরা পড়লে প্রথম উইকেটের স্বাদ নেন হেরাথ। হেরাথের অভিযান শেষ হয় শেষ ব্যাটসম্যান সৈয়দ রাসেল মিড অফে জয়সুরিয়ার হাতে ক্যাচ তুলে দিলে।
সিরিজ জয়ী শ্রীলংকার অধিনায়ক মারভান আতাপাত্তু খেলা শেষে অভিব্যক্তি প্রকাশ করেন এভাবে-জয় দিয়ে মৌসুম শেষ করা নিঃসন্দেহে চমৎকার। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জয়ের আগে শ্রীলংকা ওয়েস্ট উইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় ছাড়া একটি ট্রায়াঙ্গুলার সিরিজও জয় করে।
দলীয় সমঝোতাই তার দলের এই সফল্যের প্রধান কারণ বলে মনে করেন অধিনায়ক আতাপাত্তু। তবে দলের টপ র্আর ব্যাটসম্যানরা আরও ভালো খেলার যোগ্যতা রাখেন বলে বিশ্বাস করেন তিনি।
অধিনায়ক অবশ্য দ্বিতীয় টেস্ট জয়ের পেছনে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মত সাত উইকেট শিকার করা দিলহারা ফার্নান্ডোকেই পুরো কৃতিত্ব দিতে আগ্রহী।
