আইসিসি’র আম্পায়ার তালিকায় জায়গা হলো না কোন ভারতীয়র
আগামী এক বছরে টেস্ট বা একদিনের আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে আম্পায়ার বা ম্যাচ রেফারি হিসেবে কোন ভারতীয়কে দেখা যাবে না।
গত সপ্তাহে দুবাইতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্বান্ত হয়। ভারতীয় ক্রিকেট বোর্ডের যুগ্ম সচিব গেীতম দাশগুপ্ত এ বৈঠকে উপস্থিত ছিলেন।
গত বছর জানুয়ারিতে এলিট প্যানেল থেকে শ্রীনিবাসা ভেঙ্কটরাঘবন অবসর নেওয়ার পর ভারতীয় প্রতিনিধিত্ব শূন্য হয়ে পড়ে। যদিও চলতি বছর লন্ডনে ইংল্যান্ড-বাংলাদেশ টেস্ট ম্যাচের দায়িত্ব পেয়েছিলেন ভারতীয় আম্পায়ার কে হরিহরণ কিন্ত আইসিসি বলছে এলিট প্যানেলে জায়গা পেতে তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই প্যানেলে উন্নীত হওয়ার লক্ষ্যে অপেক্ষমান তিন ভারতীয় হচ্ছেন-হরিহরণ, এ ভি জয়প্রকাশ এবং আই শিবরাম (কেবল টিভি/তৃতীয় আম্পায়ার)।
আইসিসি এলিট প্যানেলে বিভিন্ন দেশ থেকে সাত জন আম্পায়ার রয়েছেন। তারাই বিভিন্ন দেশে টেস্ট ম্যাচ পরিচালনা করেন। কিন্ত একই সময়ে যখন তিন বা ততোধিক টেস্ট ম্যাচ অনষ্ঠিত হয় তখন আম্পায়াররা প্রচন্ড চাপে পড়ে যান। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
