অসুস্থ ফুটবলার নান্নুর টিকিৎসায় সহযোগিতার হাত বাড়ালো ফুটবল ফেডারেশন
বাংলাদেশ জাতীয় দল, আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক ফুটবলার মনোয়ার হোসেন নান্নু দীর্ঘদিন ধরে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত।
জাতীয় দলের সাবেক এই ফুটবলারের চিকিৎসার্থে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই লক্ষ্যে প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের বৃহস্পতিবার (২৫ আগস্ট) আবাহনী বনাম মোহামেডানের ম্যাচটিকে বেনিফিট ম্যাচ হিসেবে ঘোষনা করেছে ফেডারেশন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল পাঁচটায় ম্যাচটি শুরু হবে।
ফুটবল ফেডারেশন এবং ঢাকা মহানগর ফুটবল লিগ কমিটি এক যৌথ সিদ্ধান্তে ম্যাচের সব সৌজন্য পাস স্থগিত করেছে। ম্যাচে গ্যালারীর টিকেটের মূল্য রাখা হয়েছে ৩০ টাকা। এছাড়া সৌজন্য পাস প্রদর্শণ সাপেক্ষ এক নম্বর গেটে ৫০ টাকা ও দুই নম্বর গেটে ৩০ টাকার বিনিময়ে টিকেট সংগ্রহ করা যাবে। দৈনন্দিন টিকিটের উপর সংগৃহিত অতিরিক্ত মূল্যমানের অর্থ মনোয়ার হোসেন নান্নুর চিকিৎসার্থে প্রদান করা হবে।
