বিসিবির ভবিষ্যত কমিটি ঘরোয়া ক্রিকেটকে শক্তিশালী করবে : আনাম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি দেশের ঘরোয়া ক্রিকেটকে শক্তিশালী করবে বলে জানিয়েছেন বোর্ডের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মাহবুব উল আনাম।
বিসিবি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের দিন ছিল শনিবার। এদিন সাধারণ সম্পাদক পদপ্রার্থী-তিনজন মনোনয়নপত্র প্রত্যহার করে নিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আনাম।
নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে মাহবুব আনাম বলেন, ঘরোয়া ক্রিকেটকে শক্তিশালী করা এবং ক্রিকেটকে সারাদেশে ছড়িয়ে দেয়াই হবে আমাদের প্রধান কাজ। তিনি বলেন, আমরা সবাই জানি, আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেতে হলে ঘরোয়া ক্রিকেটকে শক্তিশালী করার কোন বিকল্প নেই এবং এই লক্ষ্যে আমরা জাতীয় লিগকেই প্রধান্য দেব, যাতে ক্রিকেটাররা লিগ খেলতে আগ্রহী হয়।
ক্রীড়া সংগঠক আনাম বলেন, ঘরোয়া ক্রিকেটকে শক্তিশালী করার পাশাপাশি ক্রিকেট সাব কমিটি গঠন করার মাধ্যমে আমরা ক্রিকেটকে সারাদেশে ছড়িয়ে দেব। তিনি আরও জানান, আন্তর্জাতিক ক্রিকেটসূচির সাথে সামঞ্জস্য রেখে সেপ্টেম্বরের মাঝামাঝিতে ঘরোয়া ক্রিকেটের জন্য চার বছরের সূিচ নির্ধারন করা হবে।
মোহামেডানের এই কাউন্সিলর বলেন, বিসিবির বর্তমান পঞ্চ বার্ষিক পরিকল্পনা এবছরই সমাপ্ত হবে এবং এরপর নতুন করে চার বছর মেয়াদী পরিকল্পনা তৈরী করা হবে।
এক প্রশ্নের জবাবে মাহবুব আনাম বলেন, ক্রিকেটকে এমন আদলে গড়ে তোলা হবে, যাতে কমিটি কিংবা সরকার পরিবর্তন হলেও ক্রিকেটের কোন ক্ষতি না হয়। আরেক প্রশ্নের জবাবে বিসিবির নতুন সাধারণ সম্পাদক বলেন, উদ্দেশ্য এক থাকলে বোর্ডের কারও সাথে এমনকি প্রধান নির্বাহীর সাথেও তার কোন বিরোধ তৈরী হবে না।
নতুন গঠনতন্ত্র অনুযায়ী বোর্ডের নির্বাহী ক্ষমতা সাধারণ সম্পাদকের হাতে। তিনি বলেন, কাজের সুবিধার্থে আমি প্রধান নির্বাহীর সাথে দায়িত্ব ভাগ করে নেবো।
পেশায় যন্ত্র প্রকৌশলী মাহবুব আনাম ১৯৭৩-৭৪ সালে দ্বিতীয় বিভাগের দল একতা বিতানের হয়ে খেলোয়াড়ী জীবনের সূচনা করেন। পরবর্তীতে ১৯৭৬-৭৭ সালে ঢাকা ওয়ান্ডারার্সের হয়ে খেলেন। এছাড়া মাঝে এক বছর বাদে ১৯৭৮ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত মোহামেডানের হয়ে খেলেছেন তিনি। ১৯৮১ সালে জাতীয় ক্রিকেটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দলের প্রতিনিধিত্ব করেন মাহবুব উল আনাম।
