থাই মুসলিমদের শান্ত করতে ইংলিশ ফুটবল
থাইল্যান্ডের অশান্ত মুসলিম সম্প্রদায়কে শান্ত করতে অভিনব এক পন্থা বের করেছে থাই সরকার।
থাইল্যান্ডের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে টেলিভিশনে বিনামূল্যে ক্যাবল সংযোগ দিচ্ছে সেদেশের সরকার।
ক্যাবল সংযোগ প্রদানের ফলে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার ফুটবলের মত অনুষ্ঠান দেখার ফলে মুসলিমদের মধ্যে বিরাজমান অস্থিরতা হ্রাস পাবে বলে আশা করছে থাই সরকার।
থাইল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী কংসাক ওয়ানটানা মঙ্গলবার সাংবাদিকদের জানান, সরকার প্রাথমিকভাবে মুসলিম এলাকার বিভিন্ন চায়ের স্টলে ৫০০টি টেলিভিশনে ক্যাবল সংযোগ প্রদান করবে। এরা মূলত দরিদ্র শ্রেনীর লোক যাদের নিজেদের বাড়িতে ক্যাবল সংযোগ নেয়ার সামর্থ্য নেই। চায়ের স্টলে ক্যাবল সংযোগ দেয়ার ফলে বেশিসংখ্যক মানুষ অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পাবে।
থাইল্যান্ডে ২০০৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত মুসলিমদের সাথে সংঘর্ষে আট শতাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছে।
একাধারে গলফ এবং ফুটবলমোদী স্বারাষ্ট্রমন্ত্রী কংসাক বলেন, বেশিরভাগ শিশু টেলিভিশনে খেলা দেখতে পছন্দ করে, কিন্তু তারা নিজেদের বাড়িতে টেলিভিশন দেখার সুযোগ পায়না। আমরা তাদের এই সুযোগটা করে দিতে চাচ্ছি, আশা করছি এর মাধ্যমে সমস্যার কিছুটা হলেও সমাধান সম্ভব হবে।
