২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ফুটবলে এককভাবে শীর্ষে ব্রাদার্স ইউনিয়ন

প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের শিরোপা অর্জনের পথে আরও একধাপ এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ব্রাদার্স লিগের ফিরতি পর্বে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে ৪ - ২ গোলে হারিয়ে এককভাবে শীর্ষে উঠে গেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

এই জয়ের ফলে লিগ শিরোপার আরেক দাবিদার মোহামেডানের সাথে তাদের পয়েন্টের ব্যবধান আরও বেড়ে গেল। ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষস্থান দখল করে নিয়েছে চ্যাম্পিয়নরা। সমানসংখ্যক ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে মোহামেডান দ্বিতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে ১৮ পয়েন্ট সংগ্রহ করে ষষ্ঠ স্থানে রয়েছে ফরাশগঞ্জ।

আগের দুই ম্যাচে আবাহনী আর মুক্তিযোদ্ধার ঘাম ঝরানো ফরাশগঞ্জ এদিন বেশ ঢিলেঢালাভাবে খেলে, তাছাড়া পরবর্তীতে তাদের দুই গোলদাতাকেও উঠিয়ে নেয়া হয়। তবে এই ঢিলেঢালা খেলার মধ্যেও জায়ান্টকিলাররা দুই দুইবার ম্যাচে সমতা ফেরাতে সক্ষম হয়। কিন্তু মাত্র ছয় মিনিটের মধ্যে দুই গোল করে জয় ছিনিয়ে নেয় ব্রাদার্স।

ম্যাচের আট মিনিটেই বাঁ প্রান্ত থেকে লিটনের ক্রস থেকে গোল করে ব্রাদার্সকে এগিয়ে দেন পারভেজ বাবু। ফরাশগঞ্জের দুইজন ডিফেন্ডার এক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দেন। চার মিনিট পর লিটনের আরেকটি আক্রমন প্রতিপক্ষের সাইডবারে লেগে ফিরে যায়।

পাঁচ মিনিট পর ব্রাদার্সের আগুয়ান গোলরক্ষক তারেককে কাটিয়ে প্লেসিং শটে সমতা ফেরান ফরাশগঞ্জের রনি। ৩৭ মিনিটে ব্রাদার্সের এমিলির শট ফরাশগঞ্জের গোলরক্ষক পিরু ফিরিয়ে দিলে ফিরতি বলে শট করে দলকে আবারও লিড এনে দেন লিটন।

দ্বিতীয়ার্ধের দুই মিনিটে ফরাশগঞ্জের হয়ে সমতা ফেরান নাইজেরিয়ান ফেলিক্স। ৫৮ মিনিটে ব্রাদার্সের বদলী খেলোয়াড় মনোয়ার হেডের সাহায্যে দলের তৃতীয় গোলটি করেন। ছয় মিনিট পর দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ব্রাদার্সের তরুণ খেলোয়াড় এমিলি।