শ্রীলংকা সফরের জন্য বাংলাদেশ স্কোয়াড চুড়ান্ত হবে বুধবার
আগস্ট সেপ্টেম্বরে আসন্ন শ্রীলংকা সফরের জন্য বাংলাদেশ স্কোয়াড চুড়ান্ত হবে বুধবার।
মিরপুর ইনডোর কমপ্লেক্সে মঙ্গলবার নির্বাচক আতাহার আলী খান সাংবাদিকদের জানান, চুড়ান্ত স্কোয়াড বুধবার ক্রিকেট বোর্ডের কাছে জমা দেয়া হবে। তিনি আরও জানান, বিসিবি যথাসময়ে চুড়ান্ত দল ঘোষনা করবে।
আতাহার আলী খান বলেন, চুড়ান্ত স্কোয়াডের ব্যাপারে বর্তমানে ইংল্যান্ড সফররত বাংলাদেশ এ দল এবং প্রাথমিক অনুশীলনে ডাক পাওয়া প্রত্যেক ক্রিকেটারকেই বিবেচনা করা হয়েছে।
প্রধান নির্বাচক ফারুক আহমেদ যুক্তরাষ্ট্র এবং আরেক নির্বাচক গোলাম নওশের প্রিন্স বাংলাদেশ এ দলের সাথে ইংল্যান্ড সফরে থাকায় অধিনায়ক হাবিবুল বাশারের মতামতের ভিত্তিতে আতাহার এবং কোচ ডেভ হোয়াটমোর দল চুড়ান্ত করবেন।
দলে একমাত্র অধিনায়ক আর সহ অধিনায়ক ছাড়া আর কোন ‘অটোমেটিক চয়েস’র সম্ভাবনা নেই বলে জানান আতাহার।
সাবেক এই জাতীয় ক্রিকেটার জানান, নির্বাচক কমিটি ওয়ানডের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ছাড়াও দুই টেস্টের জন্যও খেলোয়াড় তালিকা জমা দেবে।
শ্রীলংকা সফরে নিয়মিত উইকেট রক্ষক খালেদ মাসুদের ব্যাকআপ হিসেবে একজন অতিরিক্ত উইকেট রক্ষক দলে নেয়ার বিষয়টি নাকচ করে দেন আতাহার। তাছাড়া খালেদ মাসুদের বিকল্প মুশফিকুর রহিম এখনও আঙ্গুলের ইনজুরিতে ভুগছেন।
ইনডোর অনুশীলনে কোচ ডেভ হোয়াটমোর জানান, ওয়ানডের নতুন নিয়ম ‘সুপার সাব’ পদ্ধতিতে দল এই প্রথম ওয়ানডে খেলতে যাচ্ছে। দল নির্বাচনের ক্ষেত্রে এ ব্যপারেও প্রচুর চিন্তাভাবনা করা হয়েছে বলে জানালেন কোচ ডেভ।
ওয়ানডের নতুন এই নিয়ম প্রসঙ্গে ডেভ বলেন, এই নিয়মের কারণে ওয়ানডেতে পরে যে দল ব্যাট করবে তারা লাভবান হবে। হোয়াটমোর বলেন, সুপার সাব হিসেবে আমরা একজন ব্যাটসম্যানের কাছ থেকে শতভাগ সার্ভিস পেলেও একজন বোলারের কাছ থেকে তা পাওয়ার সম্ভাবনা কম।
তবে ৫২ বছর বয়স্ক এই কোচ বলেন, উপমহাদেশের পিচের যে আচরণ, তাতে করে রফিক ও এনামুল হক জুনিয়রের বদলী হিসেবে একজন বাড়তি স্পিনারের অন্তর্ভুক্তিটাই জোরালো হয়ে উঠে।
খারাপ আবহাওয়ার কারণে জাতীয় দল মঙ্গলবার সারাদিনই ইনডোরে অনুশীলন করে। এদিন অনুশীলনে যোগ দিয়েছেন পেসার মাশরাফি বিন মুর্তজা এবং মুশফিকুর রহিম।
