২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ার আইসিসি সহযোগি সদস্যদের ৩ দশমিক ২৫ মিলিয়ন ডলার সহায়তা পাবে

আইসিসির এশিয়া অঞ্চলের সহযোগি দেশগুলো তাদের ক্রিকেট উন্নয়নের জন্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) থেকে ৩ দশমিক ২৫ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা লাভ করবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2005, 12:08 PM

Updated : 26 Apr 2022, 05:54 PM

এসিসি প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

তবে এই আর্থিক সাহায্যের বড় একটা অংশ যাবে মালয়েশিয়া, নেপাল, হংকং, সিঙ্গাপুর ও আরব আমিরাতের ভাগে।

এসিসি’র প্রধান নির্বাহী বিডিনিউজকে জানান, আইসিসি কর্তৃক ক্রিকেট বিশ্বায়নের অংশ হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এই অঞ্চলে ক্রিকেটের প্রসারে মনোযোগ দিচ্ছে।

সৈয়দ আশরাফুল জানান, সহযোগি দেশসমূহের ক্রিকেট মাঠ ও অবকাঠামো উন্নয়ন ছাড়াও স্থানীয় ক্রিকেট কোচদের প্রশিক্ষণ কাজে এই অর্থ ব্যয় হবে। মূলত নতুন নতুন ক্রিকেট প্রতিভা খুঁজে বের করাই হবে কোচদের কাজ।

তিনি জানান, আফগানিস্তান তাদের ক্রিকেট উন্নয়নের জন্য ৬০ হাজার মিলিয়ন আর্থিক সহায়তা পাবে।

লন্ডনে সম্প্রতি আইসিসি এবং এসিসি’র একটি যৌথ বৈঠকে এই আর্থিক সহায়তার বিষয়টি চূড়ান্ত হয়েছে। বৈঠকে এশিয়া আফ্রিকার বিভিন্ন টুর্নামেন্টে আফগানিস্তানের অংশগ্রহনের ব্যাপারেও সিদ্ধান্ত গৃহিত হয়। বৈঠকে পাকিস্তানের পেশোয়ারে আফগানিস্তানের অনুর্ধ্ব ১৭ ক্রিকেট দলের খেলোয়াড়দের জন্য দশদিনের একটি প্রশিক্ষণ শিবির আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

এদিকে এ বছর নভেম্বরে শ্রীলংকায় ছয়টি ম্যাচ খেলার জন্য আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলকে আমন্ত্রন জানিয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।

আফগানিস্তান ক্রিকেট কাউন্সিলের একজন কর্মকর্তা ই-মেইলে বিডিনিউজকে জানান, আফগানিস্তান শিগগিরই সেদেশে ক্রিকেট ম্যাচ খেলার জন্য অন্যান্য দেশকে আমন্ত্রণ জানাবে।

আফগান ক্রিকেটের ওই কর্তাব্যক্তি জানান, কাবুলের ঘাজি স্টেডিয়ামের কাছে ৪৫ হাজার ডলার ব্যয়ে নির্মিত আফগান জাতীয় ক্রিকেট একাডেমির নির্মান কাজ সমাপ্ত হয়েছে এবং সবার জন্য তা উন্মুক্ত করে দেয়া হয়েছে। একাডেমির মাঠে শিগগিরই ঘাস লাগানোর কাজ শুরু হবে।