২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের হোটেলে ভুতের কবলে অসি ক্রিকেট দল

অসি অল রাউন্ডার শ্যেন ওয়াটসন ফাস্ট বোলার ব্রেট লি’র রুমের মেঝেতে ঘুমুচ্ছেন। তাও আবার ভুতের ভয়ে। কি বিশ্বাস হচ্ছেনা?

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2005, 06:38 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

সত্যি সত্যি এমনটাই ঘটেছে। আসল ঘটনা হচ্ছে, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দলের খেলোয়াড়রা ইংল্যান্ডে যে হোটেলে অবস্থান করছেন সে হোটেলে প্রায় সাতশ’ বছরের পুরনো ভুতের কবলে পড়ে আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন।

অ্যাশেজ সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করা রিকি পন্টিং বাহিনী বৃটেনের চেস্টার লি স্ট্রিটে অবস্থিত ঐতিহাসিক লামলি ক্যাসল হোটেলে অবস্থান করছে। মজার ব্যাপার হলো, ২০০০ সালে ওয়েস্ট উইন্ডিজের ইংল্যান্ড সফরের সময়ও এই ভুতুড়ে কান্ড ঘটেছিল। আর তখন ভুতের আতংকটা এতই তীব্র ছিল যে তিন তিনজন ক্যারিবিয়ান ক্রিকেটারকে চিকিৎসা পর্যন্ত দিতে হয়েছিল।

চতুর্দশ শতাব্দিতে তখনকার কয়েকজন অভিজাত ব্যক্তিকে ক্যাথলিক ধর্মগুরুরা হত্যার পর থেকে তাদের আত্মাগুলোই হোটেলে অবস্থান নিয়েছে বলে স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে।

হোটেলে অবস্থানকারী অসি খেলোয়াড় আর কর্মকর্তারা অস্বাভাবিক কিছু দৃশ্য দেখা ও শব্দ শোনার কথা জানিয়েছেন। অসি দলের মিডিয়া অফিসার বেলিন্ডা ডেনেনে বলেন, বিশ্বাস করুন আমি ভুত দেখেছি। রাতে জানালার পর্দা নামিয়ে ঘুমিয়েছি কিন্তু সকালে আমি পর্দা ওঠানো দেখেছি।

সত্যিই অস্ট্রেলিয়া দলের জন্য দুঃখ হচ্ছে। ইংল্যান্ড সফরে এসে একের পর এক ম্যাচ হারার ভয়ের সাথে আবার যুক্ত হয়েছে ভুতের ভয়ের মত উটকো ঝামেলা। সবমিলিয়ে পুরো দলের এখন ত্রাহি অবস্থা।