অতিরিক্ত টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ আয়োজনের বিপক্ষে জন বুকানন
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের কোচ জন বুকানন আন্তর্জাতিক টুয়েন্টি টুয়েন্টি (২০ ওভারের ম্যাচ) ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় সতর্কবাণী উচ্চারণ করেছেন।
সোমবার রোজ বোলে একটি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ দিয়ে চির প্রতিদ্বন্দ্বি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এ বছরের এ্যাশেজ লড়াই শুরুর জন্য মাঠে নামছে।
অবশ্য গত বৃহস্পতিবার পিসিএ মাস্টার্স একাদশের বিপক্ষে ২০ ওভারের এই টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। বুকানন মনে করেন জুনিয়র লেভেলেই টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ আয়োজন করা উচিত। কেননা এই ম্যাচের সত্যিকার অর্থে ওই লেভেলেই কার্যকর। তাছাড়া এই ম্যাচের দর্শকও আলাদা।
এই প্রেক্ষাপটে তিনি এত বেশি টুয়েন্টি টুয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পক্ষপাতি নন। তিনি বলেন এতে ক্রিকেটের আসল ছন্দপতন হতে পারে।
গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে প্রথম একটি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে অংশ নেয়।
অস্ট্রেলিয়ান কোচের মতে, জুনিয়ররা অনুকরণ পছন্দ করে। পছন্দের খেলোয়াড়দের এ ধরণের ম্যাচে অংশ নিতে দেখলে তাদের মধ্যেও এধরনের খেলার প্রবণতা সৃষ্টি হবে।
কাউন্টি ক্রিকেটে টুয়েন্টি টুয়েন্টি ম্যাচের সফলতার পর ইতোমধ্যেই পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেট স্বল্প দৈর্ঘের ম্যাচে আয়োজন করা হচ্ছে।
আগামী মৌসুমে অস্ট্রেলিয়াও বিভিন্ন প্রদেশের মধ্যে টুয়েন্টি টুয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করবে।
এমনিতেই গত পাঁচ বছরে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বেড়ে যাওয়ায় খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ পড়ছে।
ইংল্যাণ্ড সফররত অস্ট্রেলিয় দল আগামী চার মাসের এ্যাশেজ ট্যুরে দশটি একদিনের এবং পাঁচটি টেস্ট ম্যাচ খেলবে।
তবে অস্টেলিয় কোচের সঙ্গে দ্বিমত পোষন করেছেন অধিনায়ক রিকি পন্টিং। অধিনায়ক রিকি পন্টিং টুয়েন্টি টুয়েন্টি ম্যাচের মতো স্বল্প দৈর্ঘের ক্রিকেট ম্যাচের ভক্ত। তার মতে, টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ বিশ্বচ্যাম্পিয়নদের আরও ভাল খেলতে সাহায্য করবে।
তিনি মনে করেন, এ ধরণের ম্যাচ গুলোতে ব্যাটসম্যানদের অত্যন্ত দ্রুত রান করতে হয়, যা পরবর্তীতে একদিনের ম্যাচে ব্যাটসম্যানদের বেশি শট খেলতে সহায্য করে।
এ কারণেই গত কয়েক বছরে ওয়ানডে ম্যাচে রানের সংখ্যাও অনেক বেড়ে গেছে। আগে যেখানে ২২০ বা ২৩০ রান করলেই যে কোনও দল নিজেদের নিরাপদ ভাবতে পারত এখন সেখান প্রায়ই ৩২০ বা ৩৩০ রান হচ্ছে।
