২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেট ইতিহাসে সবচে’ বড় আপসেট ঘটাল বাংলাদেশ

আশরাফুলের শতকের ওপর ভর করে ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে ধরাশায়ী করল বাংলাদেশ। এই জয়কে কেউ কখনও কল্পনা করতে না পারলেও টোটাল ক্রিকেট খেলেই কার্ডিফে ন্যাটওয়েসস্ট সিরিজে শনিবার ৫ উইকেটে জিতল বাংলাদেশ। বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ের পর পুরো জাতি উল্লাসে ফেটে পড়ে। ঢাকার রাজপথে নেমে আসে হাজার হাজার ক্রিকেটপ্রেমী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 12:20 AM

Updated : 26 Apr 2022, 05:47 PM

অস্ট্রেলিয়ার ২৪৯ রানের জবাবে বাংলাদেশ খেলার চার বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ২৫০ রান তুলে জয়ের বন্দরে নোঙ্গর ফেলে।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ এবং ন্যাটওয়েস্ট ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হতাশজনক পারফরমেন্সের পর অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেট জগতে আবারও আলোচনায় বাংলাদেশ। তবে সেটা অবশ্যই বরাবরের মত নেগেটিভ অর্থে নয়। অস্ট্রেলিয়ার তারকা বোলার শ্যেন ওয়ার্ন কদিন আগেই বাংলাদেশের ক্রিকেটের বিরুদ্বে যা বলেছিলেন সে কথারই জবাব দিয়ে দিল টাইগাররা।

সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল, অধিনায়ক হাবিবুল বাশার এবং সবশেষে সাহসী আফতাব আহমেদ পুরো জাতিকে ঐতিহাসিক এই জয়টি উপহার দেয়। অস্ট্রেলিয়ার মাপা মাপা বোলিংয়ের মোকাবেলা করে তাদের স্কোরের ওপর ভর করেই আসে এই জয়।

শেষ ওভারে যখন প্রয়োজন ৭ রান সেসময় গিলেস্পিকে ছক্কা হাকিয়ে ম্যাচের পুরো চিত্রটাই বদলে দেন আফতাব। চার বল বাকি থাকতেই আফতাব একটি রান তুলে নিলে জয় নিশ্চিত হয়। উল্লাসে ফেটে পড়ে হাজার হাজার বাঙ্গালী।

১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর যেভাবে ক্রিকেটপ্রেমী বাংলাদেশীরা নেমে এসেছিলে সেভাবেই তারা আবারও মধ্য রাতে ঢাকার রাজপথে নেমে আসে। ‘বাংলাদেশ’ ‘বাংলাদেশ’ বলে মাতম করতে থাকে।

ম্যান অব দ্যা ম্যাচ আশরাফুল আল্লাহকেইধন্যবাদ জানান। তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, গত ম্যাচে আমি ভাল করতে পারিনিকিন্তু এ ম্যাচে ভাল করতে পেরে এই মূহুর্তে আমি খুশি।

অধিনায়ক হাবিবুল বাশার তার প্রতিক্রিয়ায় বলেন, আমি এই মূহুর্তে সবচে সুখি মানুষ।

কার্ডিফে ন্যাট ওয়েস্ট ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে শনিবার অস্ট্রেলিয়া পাঁচ উইকেট হারিয়ে ২৪৯ রান তুলতে সক্ষম হয়েছে।

টস জিতে রোদে উদ্ভাসিত দিনে বাংলাদেশী বোলারদের তুলোধুনো করার লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নিজেরাই বিপদে পড়ে যায় অসি দল। নড়াইল এক্সপ্রেস মাশরাফির প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ভয়ঙ্কর গিলক্রিস্ট। স্কোর বোর্ডে তখনও কোন রান উঠেনি। বিশ্বের সবচেয়ে শক্তিধর দলটির ক্ষেত্রে এমনটা ভাবাই যায় না।

প্রথম ছয় ওভারে অস্ট্রেলিয়া দুই উইকেট হারিয়ে ফেলে। ইংল্যান্ডের বিরুদ্ধে টুয়েন্টি টুয়েন্টি ম্যাচে আর কাউন্টি দল সামারসেটের বিপক্ষে তিন’শর বেশি রান করেও হেরে যাওয়ায় ক্ষেপেছিলেন অসি অধিনায়ক রিকি পন্টিং। কিন্তু বাংলাদেশের বিপক্ষে নিজেই ব্যর্থ হলেন। দলীয় নয় রানে ব্যক্তিগত এক রান করে তাপস বৈশ্যর বলে এলবিডব্লিউ হন পন্টিং। অন্যপ্রান্তে আরেক ভয়ংকর ব্যাটসম্যান ৫০ বলে ততক্ষনে ৩৭ রান তুলে ফেলেছেন। কিন্তু তাকেও উইকেটে থিতু হতে দেননি পেসার নাজমুল। তবে এবার আর এলবিডব্লিউ নয় সরাসরি মিডলস্ট্যাম্প উপরে দেন নাজমুল।

এরপর চতুর্থ উইকেট জুটিতে ডেমিয়েন মার্টিন আর মাইকেল ক্লার্ক ইনিংস মেরামতে মন দেন। এই জুটিতে রান উঠে ১০৮। এর মধ্যে মার্টিন ১১২ বলে দু’টি চারের সহায়তায় ৭৭ আর ক্লার্ক ৮৪ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৫৪ করে তাপসের শিকারে পরিনত হন।

বাংলাদেশী বোলাদের বিশেষ করে দুই জনের কথা না বললেই নয়। একজন মোহাম্মদ রফিক আর অপরজন মাশরাফি মর্তুজা। দু’জনই অসেট্রলিয়ার ব্যাটসম্যানদের রানের গতি টেনে ধরতে সক্ষম হয়েছেন বেশ ভালোভাবেই। মাশরাফি তার নির্ধারিত দশ ওভার কোটায় মাত্র একটি উইকেট পেলেও রান দিয়েছেন ৩৩, অন্যদিকে রফিক দশ ওভারে রান দিয়েছেন মাত্র ৩১। রফিক অবশ্য কোন উইকেটের মুখ দেখেননি।

এই ম্যাচে বাংলাদেশের আরেকটা প্রাপ্তিও রয়েছে। তাপস বৈশ্যর ওয়ানডে ম্যাচে ৫০ উইকেট শিকার। ম্যাচে শেষ পর্যন্ত তাপসের বোলিং ফিগার দাঁড়ায় দশ ওভার ৬৯ রান তিন উইকেট।

বাংলাদেশের এই ঐতিহাসিক জয়ে সংসদে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বাংলাদেশ দলের জয়ের নায়ক সকল খেলোয়াড়কে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, আমার কাছে ব্যাপারটি রোমঞ্চকর। কারণ আওয়ামীলীগ শাসনামলেই বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস অর্জন করে।

এদিকে বাংলাদেশের এই জয়ে সাবেক যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এবং বাংলাদেশ আওয়ামী লীগের ক্রিড়া সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল বাংলাদেশ দলের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন।