২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-উইন্ডিজ টেস্ট: প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ দল পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে আধিপত্য বিস্তার করেছে। তবে পাকিস্তান যদি প্রথম টেস্ট ম্যাচটি জিততে পারে তাহলে তারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নতুন ইতিহাস রচনা করবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 02:20 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বোলাররা মাত্র ৪০ ওভারেই পাকিস্তানি ব্যাটিং লাইনআপ ভেঙ্গে দেয়। সফরকারী পাকিস্তান প্রথম ইনিংসে করেছে ১৪৪ রান। টেস্টের প্রথম দিনে ক্যারিবিয়ান ব্যাটসম্যান লারা এবং অধিনায়ক শিবনারায়ণ চন্দরপলের চমৎকার ব্যাটিংয়ের পর দ্বিতীয় দিনে ক্যারিবিয়ান বোলাররাও তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে।

ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক চন্দরপল পাকিস্তানকে ফলোঅনে ফেলবার চেষ্টা করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ক্রিস গেইল দ্রুত গতিতে রান তুলতে থাকেন। তিনি ৫৭ বলে ৫০ রান করে দানেশ কানেরিয়ার ঘূর্ণি বলে আসিম কামালের হাতে ধরা দেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

শাহেদ আফ্রিদির বলে আউট হওয়ার আগে ব্রায়ান লারা ৪৮ রান করেন এবং দিনের শেষ পর্যন্ত অধিনায়ক চন্দরপল ক্রিজে থাকেন। ওয়েস্ট ইন্ডিজ দিন শেষে সংগ্রহ করে চার উইকেটে ১৬৮ রান।

দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে গড়া ৩৪৫ রান তাড়া করতে গিয়ে পাকিস্তান ২২ রান নিয়ে ব্যাটিং শুরু করলেও, সকালের সেশনেই দলীয় ৯৬ রানের মাথায় চার উইকেট খুইয়ে বসে।

লাঞ্চের পর বাকি ছয় উইকেটের দ্রুত পতন ঘটে।

পাকিস্তানি ইনিংসে প্রথম আঘাত হানেন ফিল্ড এডওয়ার্ড। তিনি পাকিস্তানি ওপেনার শাহেদ আফ্রিদিকে ব্যক্তিগত ১৬ রানের মাথায় আউট করেন।

ইয়াসির হামিদকেও আউট করেন এডওয়ার্ড। কলিমোর সালমান বাট এবং বাজিদ খানকে প্যাভিলিয়ানে পাঠিয়ে দেন।

আসিম কামাল রিয়ন কিংয়ের বলে রানের খাতা খোলার আগেই রামনরেশ সারওয়ানের হাতে ক্যাচ তুলে দেন।

পাকিস্তানি অধিনায়ক ইউনুস খান ক্যারিবিয়ান টিনেজার ফাস্ট বোলার ফিল্ড এডওয়ার্ডের শিকারে পরিণত হন। তিনি ব্যক্তিগত ৩১ রানের মাথায় আউট হন।

কামরান আকমল রিয়ন কিংয়ের বলে আউট হন।

আব্দুল রাজ্জাক অষ্টম ক্যারিবিয়ান শিকার। তিনি ব্যক্তিগত ১০ রানের সময় এডওয়ার্ডের বলে আউট হন।

এরপর সাব্বির আহম্মেদকে আউট করার মাধ্যমে ক্যারিবিয়ান টিনেজার ফাস্ট বোলার ফিল্ড এডওয়ার্ড পাঁচ উইকেট পাওয়ার গৌরব অর্জন করেন।

পাকিস্তানি শেষ উইকেট নাভেদ উল হাসান রানা করি কলিমোরের বলে রামনরেশ সারওয়ানের হাতে ক্যাচ তুলে দেন।

এডওয়ার্ড ৪৩ রানের বিনিময়ে পাঁচ উইকট তুলে নেন। কলিমোর ২০ রানের বিনিময়ে তিনটি এবং কিং ৪৬ রানের বিনিময়ে দুই উইকেট তুলে নেন।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ দল প্রথমবারের মত টেস্ট ম্যাচে ভাল পারফরমেন্স দেখালো। প্রোটিয়াস এবং পাকিস্তানিদের কাছে আটটি ওয়ান ডে ম্যাচে পরাজিত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।