ওয়ান ডে সিরিজে ভারতের টানা দ্বিতীয় জয়, সিরিজে ২-০তে পিছিয়ে পাকিস্তান
দ্বিতীয় ওয়ানডেতেও জয় পেয়েছে ভারত। বিশাখাপত্তমে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ৫৮ রানে হারিয়ে ২-০ সিরিজে এগিয়ে থাকল স্বাগতিকরা।
সকালে টসে জিতে ব্যাট করতে নেমে পকিস্তানের বিরুদ্ধে ৩৫৬ রানের বড়সড় সংগ্রহ দাঁড় করায় সৌরভ বাহিনী। ৩৫৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতেই ২৯৬ রানে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায়। ভারতের উইকেটকিপার মহেন্দ্র ধোনি ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন।
৩৫৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে পাকিস্তান শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। রানের খাতা খোলার আগেই আফ্রিদি দলীয় ৫ রানের মাথায় আশিষ নেহরার বলে বোল্ড হয়ে ফিরে যান প্যাভেলিয়ানে। এরপর রাজ্জাক এবং সালমান দলকে এগিয়ে নেন। দলীয় ৮৯ রানের মাথায় সালমান নেহরার বলেই আউট হন। সালমানের সংগ্রহ ৩৬।
পাকিস্তানের ৩য় উইকেট পড়ে ১২৯ রানে। অধিনায়ক ইনজামাম ব্যক্তিগত ১৬ রাজ্জাকের সাথে ভুল বোঝাবুঝিতে রানে রান আউট হয়ে সাজঘরের পথ ধরেন। এরপর নিয়মিত বিরতিতে পাকিস্তানের উইকেট পড়তে থাকে। দলীয় ১৭৬ রানে রাজ্জাক আউট হন। আউট হওয়ার আগে রাজ্জাক দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেন।
পাকিস্তানের ৫ম উইকেট পড়ে ২০৪ রানে। শোয়েব মালিক ব্যক্তিগত ১২ রান নিয়ে যুবরাজের বলে আউট হন। দলীয় ২২২ রানে মোহাম্মদ হাফিজ বিদায় নেন। দলীয় ২৬৩ রানে পাকিস্তানের ৭ম উইকেটের পতন হয়। ইউসুফ ইয়োহানা ব্যক্তিগত ৭১ রানে বিদায় নিলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ২৬৮ রান।
এরপর ২৬৮ থেকে ২৯৬ রান তুলতেই একে একে নাভেদ উল হাসান, সামি ও কামরান আকমলের বিদায় নেন।
ভারতের পক্ষে নেহরা ৪ টি, যুবরাজ ৩ টি এবং হরভাজন ও জহির খান ১ টি করে উইকেট লাভ করেন।
এর আগে সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। উইকেট কিপার মহেন্দ্র ধোনির বড় ধরনের সেঞ্চুরি এবং শেওয়াগের মারমুখী ব্যাটিংয়ে ভারত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৫৬ রানের পাহাড়সম স্কোর দাঁড় করে।
শেওয়াগ এবং শচীন ভারতের ব্যাটিং সূচনা করেন। দলীয় মাত্র ২৬ রানের মাথায় ব্যক্তিগত ২ রান তুলতেই আউট হয়ে সাজঘরে ফেরেন শচীন। এরপর উইকেট কিপার ধোনি ও শেওয়াগ শুরু করেন ব্যাটিং তাণ্ডব।
শেওয়াগের মারমুখী ব্যাটিংয়ে হয় পাক বোলারদের ত্রাহি ত্রাহি অবস্থা। শেওয়াগ ৪০ বলে ৭৩ রান করে নাভেদের বলে কট আউট হন। এরপর অধিনায়ক গাঙ্গুলি ব্যাট করতে আসেন এবং বরাবরের মতোই তার বাজে ফর্মের ধারাবাহিকতা বজায় ছিল এ ম্যাচেও।
মাত্র ৯ রানেই বিদায় নেন তিনি। এরপর ধোনি ও মিস্টার ডিপেণ্ডবল রাহুল দ্রাবিড় ভারতের রানের চাকাকে দ্রুত এগিয়ে নিয়ে যান। ধোনির অসাধারণ ব্যাটিংয়ে ভারত মাত্র ৪১ ওভারের মধ্যেই ২৮৮ রান সংগ্রহ করে। দলীয় ২৮৯ রানের মাথায় আউট হওয়ার আগে তিনি ১৫টি চার এবং ৪ টি ছয়ের মার মেরে ১৪৮ রান করেন। শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ দাড়ায় ৯ উইকেটে ৩৫৬।
দ্রাবিড় ৫২, যুবরাজ ১৫, কাইফ ০, হরভাজন ১১, বালাজি ১৭, এবং জহির খান ১৭ রান করেন। পাকিস্তানের পক্ষে নাভেদ ৩টি আরশাদ এবং হাফিজ ২ টি করে এবং সামি ১টি উইকেট লাভ করেন।
