২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটে জয়ের ধারা অব্যাহত রেখেছে ওল্ড ডিওএইচএস এবং ভিক্টোরিয়া

বর্তমান চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস এবং ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে। বুধবার লিগের চতুর্থ রাউন্ডে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ডিওএইচএস ও ভিক্টোরিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2005, 08:41 PM

Updated : 26 Apr 2022, 06:24 PM

তবে এই রাউন্ডে এসে হোঁচট খেয়েছে গতবারের রানার্স আপ সিটি ক্লাব, শিরোপা প্রত্যাশী ব্রাদার্স ইউনিয়ন, নবাগত সোনারগাঁও ক্রিকেটার্স এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একইদিন জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, দুর্বল শক্তির ইন্দিরা রোড ক্রীড়া চক্র এবং কলাবাগান ক্রীড়া চক্র।

চতুর্থ রাউন্ডের খেলা শেষে ওল্ড ডিওএইচএস ও ভিক্টোরিয়া আট পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। এরপরই অবস্থান করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তাদের সংগ্রহ ছয় পয়েন্ট। চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিটি ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, সোনারগাঁও ক্রিকেটার্স, বিমান এবং কলাবাগান।

ডিওএইচএস বনাম ব্রাদার্স

বিকেএসপি--২ মাঠে ওল্ড ডিওএইচএস মাত্র সাত রানের ব্যবধানে হারায় ব্রাদার্স ইউনিয়নকে। 

প্রথম ব্যাট করে ব্রাদার্স ইউনিয়ন নয় উইকেটে ২২৭ রান করে। এহসানুল হক সর্বোচ্চ ৭০ রান করেন। জবাবে ডিওএইচএস আট উইকেটে ২৩৪ রান করে জয় তুলে নেয়। স্টিভ টিকোলো সর্বোচ্চ ৭৯ রান করেন।

মোহামেডান বনাম সোনারগাঁও

বিকেএসপি--১ মাঠে মোহামেডান চার উইকেটে হারায় সোনারগাঁও ক্রিকেটার্সকে। টসে জিতে সোনারগাঁও ক্রিকেটার্স প্রথমে ব্যাট করে মাত্র ৬৭ রানেই অল আউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন ইলিয়াস সানী। মোহামেডানের স্পিনার সাব্বির খান পেসার মাঞ্জুরুল ইসলাম, আলমগীর কবির এবং ভারতীয় রিক্রুট সন্দ্বীপ শর্মা প্রতিপক্ষের নয়টি উইকেট ভাগাভাগি করে নেন। আলমগীর এবং সন্দ্বীপ সোনারগাঁওয়ের মিডলঅর্ডার গুড়িয়ে দেন আর বাকি কাজটুকু সারেন সাব্বির খান।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে মোহামেডানও নিরাপদে ছিলনা। ৬৮ রানেই মোহামেডানের ছয়জন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন সন্দ্বীপ শর্মা। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরা সোনারগাঁও দলের পেসার তাপস বৈশ্য ৪৩ রানে চার উইকেট তুলে নেন।

ভিক্টোরিয়া বনাম বিমান

বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে পেসার আল আমিনের দুরন্ত বোলিংয়ে ভিক্টোরিয়া পাঁচ উইকেটে হারায় বিমানকে। ছয় উইকেট নিয়ে আল আমিন একাই গুড়িয়ে দেন প্রতিপক্ষকে।

বিমান প্রথম ব্যাট করতে নেমে নবাগত সোনারগাঁওয়ের মতই ৩৪ ওভারে মাত্র ৮৭ রানে গুটিয়ে যায়। ওপেনার জাভেদ ওমর সর্বোচ্চ ২৫ রান করেন। জবাবে ভিক্টোরিয়া পাঁচ উইকেট খুইয়ে ৯২ রান করে জয় ছিনিয়ে নেয়। সগীর হোসেন ৩২ রানে অপরাজিত থাকেন।

আবাহনী বনাম সিটি ক্লাব

মোহামেডান এবং বিমানের বিরুদ্ধে টানা দুই পরাজয়ের পর জয়ের ধারায় ফিরেছে আবাহনী লিমিটেড। ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী ছয় উইকেটে হারিয়েছে গতবারের রানার্স আপ সিটি ক্লাবকে।

প্রথম ব্যাট করে সিটি ক্লাব নয় উইকেটে ১৮৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবু ৪৯, আনোয়ার হোসেন ৩২ রান করেন। দেবব্রত পাল তিনটি এবং আলী আরমান ও গাজী আলমগীর দু’টি করে উইকেট লাভ করেন।

জবাবে আবাহনীর উদ্বোধনী জুটি ৯৯ রান করে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেন। ওপেনার জহিরুল ইসলাম ৬২ এবং ইমরান আহমেদ ৪০ রান করেন। আবাহনীর পাকিস্তানি খেলোয়াড় শাদাব কবির ৪৭ রান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।

কুমিল্লা স্টেডিয়ামে ইন্দিরা রোড ক্রীড়া চক্র ৪১ রানে ওরিয়েন্ট ক্লাবকে হারিয়ে লিগে প্রথম জয়ের স্বাদ নিয়েছে। ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে কলাবাগান এক উইকেটে হারিয়েছে অগ্রনী ব্যাংককে।