সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে বাংলাদেশ
সেমিফাইনালে স্বাগতিক পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাশিত জয় নিয়েই চতুর্থ সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
করাচির পিপলস স্পোর্টস কমপ্লেক্সে বুধবার সেমিফাইনালের প্রথমার্ধে সুজনের পেনাল্টি গোলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে চ্যাম্পিয়নরা।
ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে দুই বারের চ্যাম্পিয়ন ভারতকে। একই ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ভারত একই ব্যবধানে মালদ্বীপকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
এবার নিয়ে বাংলাদেশ তিনবার সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠলো। এর আগে ১৯৯৯ সালে ভারতে এবং ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ।
বিজয়ের মাস ডিসেম্বরে পাকিস্তানের বিরুদ্ধে ময়দানের লড়াইয়ে বাংলাদেশের এই জয় দেশবাসীর মনে অন্যরকম আরেকটি বিজয়ের অনুভুতি এনে দেবে, বলাই যায়।
ফাইনাল নিশ্চিত করে মাঠ ছাড়লেও পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়নদের বেশ ঘাম ঝরাতে হয়েছে। কঠিন প্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ আগের ম্যাচগুলোর মত ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি
হাসান আল মামুন, রজনী কান্ত বর্মণ, মোহাম্মদ সুজন এবং ফিরোজ মাহমুদ টিটুর সমন্বয়ে ডিফেন্স লাইন শক্ত প্রতিরক্ষা বুহ্য গড়ে তুললেও প্রয়োজনীয় গোলটি আসে পেনাল্টি থেকে।
পাকিস্তানের দুই মিডফিল্ডার- ফারুক শাহ এবং সাঈদের কাছে মূলত মাঝমাঠের নিয়ন্ত্রন হারায় বাংলাদেশ, পাশাপাশি ভুল পাসের ছড়াছড়ি ছিল।
পুরো নব্বই মিনিট বলদখলের লড়াইয়ে স্বাগতিকরাই এগিয়ে ছিল। বিশেষ করে প্রথমার্ধে পাকিস্তান মাঝমাঠের দখল নিয়ে একের পর এক গোলের সুযোগ তৈরী করে। কিন্তু ফরোয়ার্ডরা সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হন। প্রথমার্ধে এক গোলে এগিয়ে যাওয়ার পর বাংলাদেশ দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে মাঝমাঠে নিজেদের নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করে অপেক্ষাকৃত সতর্কভাবে খেলে জয় নিয়েই মাঠ ছাড়ে।
১৫ মিনিটের মধ্যে স্বাগতিকদের অন্তত দু’টি জোরালো আক্রমন থেকে বেঁচে যায় বাংলাদেশ। ডিফেন্ডার রজনী এবং হাসান আল মামুন দু’টি আক্রমনই ব্যর্থ করে দেন। ২৫ মিনিটে পাকিস্তানি স্ট্রাইকার মোহাম্মদ ঈসা’র ক্লোজ রেঞ্জ শট বাংলাদেশের গোল বার উঁচিয়ে বাইরে চলে যায়।
এক মিনিট পর পাকিস্তানের বক্সের উপর থেকে নেয়া মতিউর মুন্নার নীচু শট সরাসরি পাকিস্তানের গোলরক্ষক কাম অধিনায়ক জাফর খানের হাতে জমা পড়ে। এছাড়া ২৮ মিনিটে ফরহাদের একটি দুর্দান্ত হেড থেকেও দলকে বাঁচিয়ে দেন জাফর। ৩০ মিনিটে পাকিস্তানি স্ট্রাইকার ঈসা বাংলাদেশের সীমানার মধ্যে ডিফেন্ডার সুজনকে কাটিয়ে গোলমুখে বল ফেললেও নির্ভরযোগ্য স্টপার হাসান আল মামুন কর্ণারের বিনিময়ে রক্ষা করেন।
৪১ মিনিটে আলফাজের বাঁকানো শট অল্পের জন্য পাকিস্তানের গোলপোষ্ট ঘেঁষে বাইরে চলে যায়।
প্রথমার্ধের ইনজুরি সময়ে বাংলাদেশের প্লেমেকার আরমান মিয়া পাকিস্তানের বক্সের মধ্যে ফাঁকায় দাঁড়িয়ে থাকা টিটুর উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন। কিন্তু পাকিস্তানের আব্দুল আজিজ অবৈধভাবে টিটুকে বাধা দিলে ইরানী রেফারী পেনাল্টির বাঁশি বাজান।
পেনাল্টি থেকে অতিপ্রয়োজনীয় গোলটি করেন ডিফেন্ডার মোহাম্মদ সুজন।
বাংলাদেশ: আমিনুল, হাসান আল মামুন, মোহাম্মদ সুজন, রজণী কান্ত বর্মণ, ফিরোজ মাহমুদ টিটু (পারভেজ বাবু), আরমান মিয়া, মতিউর মুন্না, আলফাজ (উজ্জ্বল), আরিফুল কবির ফরহাদ, কাঞ্চন (এমিলি), আরিফ খান জয়।
