২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি টেস্টে ২৯৭ রানের লিড নিয়ে সুবিধাজনক অবস্থানে ভারত

দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ভারত ও শ্রীলংকার মধ্যেকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনেও বোলারদের দাপট অব্যাহত থাকলেও দিনশেষে ২৯৭ রানের লিড নিয়ে সুবিধাজনক অবস্থানে স্বাগতিক ভারত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 06:52 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

দ্বিতীয় দিন যে ভেল্কি দেখিয়েছেন শ্রীলংকান অফস্পিনার মুরলিধরন, তৃতীয় দিনে তার ভালোই জবাব দিয়েছেন ভারতীয় স্পিনার অনিল কুম্বলে আর পেসার ইরফান পাঠান। ভারতের প্রথম ইনিংসের ২৯০ রানের জবাবে শ্রীলংকা আগেরদিনের ছয় উইকেটে ১৯৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে। কিন্তু সকালের সেশনেই মাত্র ৩২ রান যোগ হতেই বাকি চার উইকেট হারায় সফরকারীরা। শেষ দিকে জোহান মুবারক ২৯ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও অন্যদের কাছ থেকে সহযোগিতা না পাওয়ায় তা আর সম্ভব হয়নি। পাঠান আর কুম্বলে শ্রীলংকার নয়টি উইকেট ভাগাভাগি করে নিলে ২৩০ রানেই সন্তুষ্ট থাকতে হয় সফরকারীদের। প্রথম ইনিংসে অল্প সংগ্রহ থাকলেও ৬০ রানের লিড পায় ভারত। কুম্বলে ছয় এবং পাঠান তিনটি উইকেট দখল করেন। বাকি একটি উইকেট নেন হরভজন সিং।

দ্বিতীয় ইনিংসের শুরুতে ১২ রানে ওপেনার গৌতম গম্ভীর আউট হয়ে গেলেও আরেক ওপেনার ইরফান পাঠান চমৎকার খেলে দিনের অর্ধেকটা সময়ই গ্যালারি মাতিয়ে রাখেন। তবে দুর্ভাগ্যজনকভাবে সেঞ্চুরি থেকে সাত রান দুরে থাকতে ফার্নান্দোর বলে সাঙ্গাকারার হাতে ধরা পড়ে বিদায় নিতে হয় ক্রমেই পেসার থেকে অলরাউন্ডার হয়ে ওঠা পাঠানকে।

মাঝে ভিভিএস লক্ষণ (১৬ রান) এবং প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান শচীন টেন্ডুলকার (১১ রান) আউট হয়ে গেলেও ভারতের দ্বিতীয় ইনিংসের সিংহভাগ রানই আসে পাঠান ও অধিনায়ক রাহুল দ্রাবিড়ের ব্যাট থেকে। দ্রাবিড় জয়বর্ধনের দুর্দান্ত একটি থ্রোতে রানআউট হওয়ার আগে ৮৯ বলে ছয়টি বাউন্ডারির মাধ্যমে মূল্যবান ৫৩ রান করেন। দিনশেষে ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে পাঁচ উইকেটে ২৩৭। সবমিলিয়ে ২৯৭ রানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

ভারতীয় দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ২২ এবং যুবরাজ সিং ২৮ রানে অপরাজিত রয়েছেন।