জাতীয় ফুটবলে মুক্তিযোদ্ধার কাঙ্খিত জয়
নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগে বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র সহজ জয় পেয়েছে। রংপুর স্টেডিয়ামে জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডের খেলায় মুক্তিযোদ্ধা ৩-০ গোলে হারায় ফেনী সকার ক্লাবকে।
বিজয়ী দলের জেরিমায়া, মিডফিল্ডার আমিন রানা এবং তানভীর একটি করে গোল করেন।
ঢাকার তথা দেশের ফুটবলের অন্যতম বড় শক্তি মুক্তিযোদ্ধা তিনটি গোল সহজেই আদায় করে নিলেও ফেনীর ক্লাবটির কাছ থেকে শক্ত প্রতিরোধের সম্মুখীন হয়। তাদের প্রতিরোধের জন্যই প্রথম গোলের জন্য ম্যাচের ৫০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় গতবারের রানার্স আপদের।
উল্টো খেলার প্রথম ২০ মিনিট নিয়ন্ত্রণ করে সকার ক্লাবই। এ সময় তারা দু’টি জোরালো আক্রমন তৈরী করলেও ভাগ্য সহায় না থাকায় তা থেকে গোলের দেখা পায়নি। ম্যাচের পাঁচ মিনিটে বক্সের বাইরে থেকে সকার ক্লাবের মজিবুর রহমান রিতুর শটটি মুক্তির গোলপোষ্টের বাইরে দিয়ে চলে যায়। ১১ মিনিটে গোলমুখ থেকে কল্লোলের নেয়া শট দৃঢ়তার সাথে ফিরিয়ে দেন মুক্তির গোলরক্ষক তিতুমীর।
২৭ ও ২৮ মিনিটে পরপর দু’টি সহজ গোলের সুযোগ নষ্ট করেন মুক্তিযোদ্ধার মরোক্কান প্লে মেকার রশিদি। তাছাড়া জেরিমায়া’র একটি শটও অল্পের জন্য প্রতিপক্ষের গোলেপোষ্ট ঘেঁষে বাইরে চলে যায়।
জেরিমায়া ৫০ মিনিটে প্রথম গোল করে মুক্তিযোদ্ধাকে এগিয়ে দেন। রশিদির ক্রস সকার ক্লাবের গোলরক্ষক পিরু ক্লিয়ার করতে ব্যর্থ হলেও জেরিমায়া জালে বল ঠেলতে ভুল করেননি।
এক গোলে পিছিয়ে পড়ে মরিয়া হয়ে আক্রমন চালায় সকার ক্লাব। ৬৫ মিনিটে কল্লোলের নেয়া তীব্র শটটি কর্ণারের বিনিময়ে রক্ষা করেন মুক্তির গোলরক্ষক টিটু।
৭০ মিনিটে দ্বিতীয় গোলটি আসে আমিন রানার পা থেকে। ৮৫ মিনিটে তৃতীয় গোলটি করেন তানভীর।
৭০ এবং ৮০ মিনিটে কল্লোল এবং পাপ্পু দু’টি গোলের সুযোগ পেলেও তা থেকে গোল করতে ব্যর্থ হলে পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় ফেনীর ক্লাবটিকে।
মুক্তিযোদ্ধা সংসদ: টিটু, এনামুল, ঘানসা, মোহাম্মদ, আরমান (সাইফুল), ওদাফা, রশিদি, আমিন রানা (রনি), জেরিমায়া, মনি এবং তানভীর।
সকার ক্লাব: পিরু, মোল্লা, রিতু, বড়–য়া, আলম, ঝন্টু, কবির, কল্লোল, কুমার (হানিফ), (নাজমুল), শাকিল এবং ইউসুফ।
