২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে ফিরতি ম্যাচে পরাজয়ের ব্যবধান কমালো বাংলাদেশ

এএফসি যুব চ্যাম্পিয়নশীপে রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ নিজেদের হোম ম্যাচে ইরানের বিরুদ্ধে পরাজয়ের ব্যবধান কমাতে সক্ষম হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 08:55 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

অ্যাওয়ে ম্যাচে পাঁচ গোলে হারলেও হোম ম্যাচে বাংলাদেশের যুবারা হেরেছে ২-০ গোলে।

ম্যাচের ৩৭ মিনিটে দুই হলুদ কার্ডের জন্য অধিনায়ক আলী মোহাম্মদ রনি বহিস্কৃত হলেও ৭৯ মিনিট পর্যন্ত এশিয়ার অন্যতম ফুটবল শক্তি ইরানের বিরুদ্ধে বাংলাদেশ সমানতালে লড়াই করে।

স্বাগতিকরা এদিন এমনিতেই খর্ব শক্তির দল নিয়ে মাঠে নামে। লাল কার্ড, এএফসির নিষেধাজ্ঞা এবং ইনজুরির কারণে মাঠে বাইরে ছিলেন মিঠুন চৌধুরী, মামুন হোমেন, জাহিদ হোসেন, আরিফুল ইসলাম এবং নাসিরুল ইসলাম নাসির।

৬১ মিনিটে মাঠে নামা ইরানের বদলী ফুটবলার মোস্তফা ছাত্রাবগুন একাই ৭৯ ও ৮৭ মিনিটে গোলদু’টি করেন।

ডান দিকের কর্নার থেকে বল পেয়ে বাংলাদেশের গোলরক্ষক মাজহারুল ইসলামকে ফাঁকি দিয়ে হেডের মাধ্যমে প্রথম গোল করেন মোস্তফা।

পরের গোলটি আসে স্বাগতিক দলের ডিফেন্ডার ইমাদুল মনুর ব্যর্থতায়। বক্সের বাইরে মনু বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে মোস্তফা চমৎকার শটে গোলরক্ষককে পরাভুত করেন।

ম্যাচ শেষে ইরানের দলনেতা আহমেদ খোদাদাদ কাশী বলেন, ঢাকার আবহাওয়া আমাদের জন্য খুব গরম। তবে আমরাও ভালো খেলেছি।

তিনি বাংলাদেশের খেলার প্রশংসা করে বলেন, আমি আবারও বলছি কৌশলগত দিক থেকে বাংলাদেশ দল হিসেবে খুবই ভালো এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশ আরও ভালো ফুটবল খেলবে।

বাংলাদেশ দলের ম্যানেজার মহসিন তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন এভাবে- যেহেতু আমরা জয়ের আশা করিনি, তাই ম্যাচের ফলাফল আশাদের আশানুরূপই হয়েছে। কিন্তু ইরানের চার ফুটবলার সম্পর্কে আমাদের অভিযোগ রয়েছে, তাদের বয়স ২০ এর উপর। বিষয়টি আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে জানিয়েছি এবং ফেডারেশন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

বাংলাদেশ যে চারজন ইরানী ফুটবলার সম্পর্কে অভিযোগ করেছে তারা হলেন- মেহেদী চামানারা, সাহাব ইয়ানপি, মেইসাম মোহাজের এবং মেহেরদাদ আজিজবন্দ।

এই জয়ের ফলে ইরান টুর্নামেন্টের চুড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করল। ভারতে আগামী বছর চুড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।