টিভি সম্প্রচার নিয়ে জটিলতায় চারদিন পিছিয়ে গেল জাতীয় ফুটবল লিগ
বাংলাদেশ টেলিভিশনে দ্বিতীয় পর্বের খেলা সম্প্রচার নিয়ে সৃষ্ট অনিশ্চয়তার কারণে নিটল টাটা পঞ্চম জাতীয় ফুটবল লিগ চারদিন পিছিয়ে গেছে। খুলনা স্টেডিয়ামে ২০ নভেম্বর থেকে আবারও লিগের খেলা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
জাতীয় লিগ কমিটি এবং পৃষ্ঠপোষক নিটল টাটার চেয়ারম্যান আব্দুল মাতলুব আহমাদ রাষ্ট্র নিয়ন্ত্রিত বাংলাদেশ টেলিভিশনে খেলা সম্প্রচার নিয়ে অনিশ্চয়তার কথা স্বীকার না করলেও ২০ নভেম্বর থেকে পুনরায় লিগ শুরুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন।
রাজধানীর এক হোটেলে বৃহস্পতিবার জাতীয় লিগের দ্বিতীয় পর্বের ড্র অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলনে আব্দুল মাতলুব বলেন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ১৪ নভেম্বর পর্যন্ত সার্ক সম্মেলন নিয়ে ব্যস্ত থাকবে এবং আমরা আশা করছি, বিটিভি প্রতিবারের মত এবারও লিগের দ্বিতীয় পর্বের খেলাগুলো সম্প্রচার করবে।
সমস্যা থাকুক আর না থাকুক, ২০ নভেম্বর থেকে লিগ শুরুর ব্যাপারে নিরানব্বইভাগ নিশ্চয়তা দেন তিনি।
ড্র অনুষ্ঠানে ফুটবল ফেডারেশনের সভাপতি এসএ সুলতান, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, উপ সম্পাদক মঞ্জুর হোসেন মালু এবং জাতীয় দলের কোচ আন্দ্রেস ক্রুসিয়ানি উপস্থিত ছিলেন।
ফুটবল ফেডারেশন জাতীয় লিগের দ্বিতীয় পর্বের ২০টি ম্যাচ বিটিভিতে সম্প্রচারের ব্যাপারে নিটল টাটার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হলেও নিরাপত্তার অজুহাত দেখিয়ে ঢাকার বাইরে থেকে ম্যাচ সম্প্রচারে বিটিভি অপরাগতা প্রকাশ করায় সমস্যায় পড়ে ফেডারেশন।
ফেডারেশনের সভাপতি এস সুলতান বলেন, খেলা সম্প্রচার নিয়ে আমরা তিনমাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং তথ্যমন্ত্রী বিটিভিতে খেলা সম্প্রচারের ব্যাপারে আমাদের মৌখিক আশ্বাসও দিয়েছিলেন। কিন্তু তিনি (তথ্যমন্ত্রী) সার্ক সম্মেলন নিয়ে ব্যস্ত সময় অতিবাহিত করছেন এবং সম্মেলনের পর তথ্যমন্ত্রীর সাথে আলোচনার পর আমরা খেলা সম্প্রচারের ব্যাপারে আশাবাদী।
দ্বিতীয় পর্বের ড্র’এ বর্তমান চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন এবং রানার্স আপ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র দুই গ্রুপে পড়েছে। এ গ্রুপের নেতত্বে রয়েছে ব্রাদার্স ইউনিয়ন আর বি গ্রুপের নেতৃত্বে মুক্তিযোদ্ধা।
বি গ্রুপে মুক্তিযোদ্ধার সাথে রয়েছে দুই হেভিওয়েট প্রতিদ্বন্দ্বি মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং আবাহনী লিমিটেড।
দ্বিতীয় পর্বে ছয়টি বিভাগীয় চ্যাম্পিয়ন দলের সাথে সরাসরি অংশ নেবে উক্ত চার দল। পরবর্তীতে দুই গ্রুপের শীর্ষ তনটি করে দল সুপার লিগে অংশগ্রহন করবে। দ্বিতীয় পর্বের খেলাগুলো ঢাকার বাইরের চারটি ভেন্যু-খুলনা (২০-২৪ নভেম্বর), রংপুর (৩০ নভেম্বর-৪ ডিসেম্বর), চাঁদপুর (৯-১২ ডিসেম্বর) এবং কক্সবাজারে (১৯-২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।
লিগের দু’টি সেমিফাইনাল ৬ ও ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ৯ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে লিগের ফাইনাল খেলা।
দ্বিতীয় পর্বের গ্রুপিং:
গ্রুপ এ-ব্রাদার্স ইউনিয়ন, জামালপুর কাচারীপাড়া স্পোর্টিং ক্লাব, মুন্সীগঞ্জ নবনবীন সমাবেশ, খুলনা টাউন ক্লাব এবং বাংলাদেশ সেনাবাহিনী।
গ্রুপ বি-মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, রাঙ্গামাটি মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, ফেনী সকার ক্লাব এবং ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব।
