২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকাকে হারিয়ে জয়ের ধারায় ভারত

শ্রীলংকার বিরুদ্ধে সাত ম্যাচ সিরিজের পঞ্চম ম্যাচটিতে হেরেছিল ঠিকই, কিন্তু সে হারটা যে সাময়িক একটা ধাক্কা ছিল ষষ্ঠ ম্যাচ জিতে তা ভালোভাবেই প্রমাণ করল ভারত। টেন্ডুলকার, শেওয়াগ, কাইফ, যুবরাজদের ব্যাটে ভর করে জয়ের পথেই হাঁটলো চ্যাপেল বাহিনী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2005, 05:15 PM

Updated : 26 Apr 2022, 06:16 PM

শ্রীলংকার ১৯৬ রানের জবাবে তিন উইকেট খুইয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। জয়ের ব্যবধান দাঁড়ায় সাত উইকেটের।

ভারপ্রাপ্ত অধিনায়ক শেওয়াগের নেতৃত্বে মাঠে নামে টিম ইন্ডিয়া। খটকা একটা মনের মধ্যে ছিলই। তারপর আবার টিভি ধারাভাষ্যকার থেকে শুরু করে সবাই রাজকোটের উইকেটকে ব্যাটিং প্যারাডাইজ আখ্যা দেওয়ায় খেলা শুরুর আগে কেউ ভাবতে পারেনি হেসে খেলেই জিতবে ভারত। উইকেটের চেহারাসুরত দেখেও মনে হচ্ছিল ব্যাটসম্যানদের ব্যাটই কথা বলবে। এই অবস্থায়ই কিনা টসে জিতে ফ্লিডিংয়ের সিদ্ধান্ত নেন শেওয়াগ। কিন্ত তার সিদ্ধান্ত যে কতটা সঠিক ছিল তা সবাইকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় একদল তরুণ নিয়ে গড়া ভারতীয় বোলিং সাইড।

শ্রীলংকানদের এক কথায় নাস্তানাবুদ করে ফেলে ভারতীয় বোলিং ডিপার্টমেন্ট। এক ডেবুট্যান্ট পেসার রুদ্র প্রতাপ সিংয়ের রুদ্রমূর্তির সামনে অসহায় আত্মসমর্পণ করে শ্রীলংকার ব্যাটসম্যানরা। আর প্রথম সুযোগেই চার উইকেট তুলে নেন রুদ্র। সেই সাথে ইরফান পাঠান এবং এস শ্রীসান্তও উইকেট তুলে নেয়ার প্রতিযোগতায় নামায় ১৯৬ রানেই সন্তুষ্ট থাকতে হয় অতিথিদের।

তবে শুরুটা একেবারে খারাপ হয়নি শ্রীলংকার। দুই উদ্বোধনী ব্যাটসম্যান জয়সুরিয়া ও উপল থারাঙ্গা ৪৪ রান তুলে বড় স্কোর গড়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্ত এখান থেকেই ধ্বংসযজ্ঞের সূচনা করেন শ্রীসান্থ আর পাঠান। জয়সুরিয়া শ্রীসান্ত’র বলে ধোনীর হাতে ধরা পড়েন। আর এর ১২ রান পর পাঠানের বলে টেন্ডুলকারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন সাঙ্গাকারা। দলে রান আশির ঘরে ঠেকার আগেই পাঁচ উইকেট উধাও।

এ পর্যায়ে তিলকরত্নে দিলশান এবং রাসেল আরনল্ড মাঠে নামেন দলের দুর্বল স্কোর কার্ডটিকে মেরামত করার জন্য। দিলশান পারলেও ব্যর্থ হয়েছেন রাসেল। আগের ম্যাচের জয়ের নায়ক দিলশান শেষ পর্যন্ত ৬৩ বলে নয়টি চারের সহায়তায় ৫৯ রান করে যুবরাজ সিংয়ের একটি দুর্দান্ত থ্রোতে রান আউট হয়ে ফিরে যান সাজঘরে। শেষ দিকে অবশ্য উপল চন্দনা ৩০ রান করে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন কিন্তু ভারতীয় বোলাররা একঅর্থে সে কাজটাকে কঠিন করে তোলেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভারতীয়দের শুরুটা ছিল তাদের নিজেদের মতই। দুই ওপেনারের মধ্যে মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার নিজেকে গুটিয়ে রাখলেও আরেক ওপেনার গৌতম গম্ভীর ছিলেন মারমুখী। দলীয় ৪৩ রানে গম্ভীর ২৭ বলে ছয়টি চারের সাহায্যে ২৮ রান করে ফার্নান্দোর বলে বোল্ড হয়ে যান গম্ভীর।

টেন্ডুলকার ধীরেসুস্থে ৩০ বলে তিনটি চারের সহায়তায় ১৯ রান পর্যন্ত যেতে পারলেও ফার্নান্দোর গতির কাছে হার মানতে বাধ্য হন। লিটল মাস্টারের ক্যাচটি লুফে নেন আরেক শ্রীলংকান বোলার মাহরুফ।

৫৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে শ্রীলংকার ইনিংসের পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছিল ভারত। কিন্তু দলকে পাঁকের মধ্য থেকে রীতিমত টেনে তোলেন অধিনয়ক শেওয়াগ, ইনজুরি কাটিয়ে দলে ফেরা মোহাম্মদ কাইফ আর যুবরাজ সিং।

শেওয়াগর ইনিংসটি ছোট হলেও ২২ বলের ইনিংসে রানও হয়েছে সমানসংখ্যক। দলকে ৯২ রানে রেখে শেওয়াগ স্পিনার চন্দনার বলে দিলশানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

তবে শেষ পর্যন্ত দলকে নিরাপদে জয়ের বন্দরে পৌঁছে দেন কাইফ আর যুবরাজ। স্বাগতিক বোলারদের মত বোলিং করার স্বপ্ন দেখলেও এই দুজনই তাদের সে স্বপ্নে পানি ঢেলে দেন।

কাইফ ঠাণ্ডামাথায় খেলে ৭১ বলে মাত্র তিনটি চারের সহায়তায় ৩৮ রান করে অপরাজিত থাকেন। অন্যদকে কিন্তু শ্রীলংকান বোলারদের মনের সুখে পিটিয়েছেন যুবরাজ। ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলার পথে তিনি বল খরচ করেন মাত্র ৬৭টি। এতে আবার নয়টি চার ও তিনটি বিশাল ছক্কার মারও ছিল।

এ জয়ের ফলে ভারত সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ৫-১ এ এগিয়ে গেল।

জীবনের প্রথম ম্যাচে চমৎকার বোলিংয়ের কারণে ম্যান অব দি ম্যাচ হয়েছেন ফাস্ট বোলার রুদ্র প্রতাপ সিং।