২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবল ফেডারেশন থেকে সালাউদ্দিনের পদত্যাগ

দেশের কিংবদন্তির ফুটবলার, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ও জাতীয় দলের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান কাজী সালাউদ্দিন বৃহস্পতিবার পদত্যাগ করেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 06:13 PM

পদত্যাগ পত্রে সালাউদ্দিন বলেন, ফেডারেশনের উর্ধ্বতন কর্মকর্তারা জাতীয় দলের ম্যানেজমেন্ট কমিটির প্রস্তাব অগ্রাহ্য করে তাদের নিজেদের মতো করে সিদ্ধান্ত দিচ্ছেন। এ অবস্থায় আমি জাতীয় দলের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যানের পদ আঁকড়ে থাকার কোন যৌক্তিকতা দেখি না। তাই আমি ফেডারেশনের উভয় পদ থেকে পদত্যাগ করলাম।

মঙ্গলবার ফেডারেশনের নির্বাহী কমিটির সভায় জাতীয় দলের ম্যানেজার হিসেবে ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ছাইদ হাছান কাননের নাম প্রস্তাব করা হলেও মূলত ফেডারেশনের বেশ কিছু কর্মকর্তরা এর বিরোধিতা করায় সমস্যার সৃষ্টি হয়। কর্মকর্তারা ম্যানেজার হিসেবে আমিরুল ইসলাম বাবুর নাম প্রস্তাব করেন, যদিও মাঠ ও মাঠের বাইরে বাবুর খারাপ আচরনের কথা সবারই জানা। এ নিয়ে নির্বাহী কমিটির সভায় বাক বিতন্ডাও হয়। পরে জাতীয় দলের ম্যানেজার ও দলনেতা নির্বাচনের দায়িত্ব দেয়া হয় ফেডারেশনের সভাপতির হাতে।

প্রস্তাব মানা না হলে সেসময় সালাউদ্দিন পদত্যাগেরও হুমকি দিয়েছিলেন। বাফুফে সভাপতি বুধবার জাতীয় দল, অনুর্ধ্ব ১৭ ও অনুর্ধ্ব ২০ দলের সমন্বয়কারী হিসেবে কাননের নাম ঘোষণা করেন। অন্যদিকে বাবুকে অনুর্ধ্ব ২০ দলের ম্যানেজার নির্বাচন করা হয়।

জাতীয় দলের দলনেতা হিসেবে ফেডারেশনের সহ সভাপতি মনির আহমেদকে নিয়োগ দেয়া হলেও তিনি পারিবারিক ও ব্যবসার কারণ দেখিয়ে দায়িত্ব নিতে অপরাগতা প্রকাশ করেন।

ফেডারেশনের সভাপতি এস এ সুলতান, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল এবং উপ সম্পাদক মঞ্জুর হোসেন মালু দেড়ঘন্টা চেষ্টা চালিয়েও সালাউদ্দিনকে পদত্যাগের সিদ্ধান্ত থেকে ফেরাতে পারেন নি।

এ ব্যাপারে এস এ সুলতান সাংবাদিকদের বলেন, ফেডারেশনের আমরা সবাই স্বেচ্ছায় কাজ করছি এবং যে কেউ তার সিদ্ধান্ত নিতে পারছে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, ফেডারেশনের নির্বাহী কমিটির পরবর্তী সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

জাতীয় দলের ম্যানেজমেন্ট কমিটির দুই সদস্য ইমতিয়াজ সুলতান জনি এবং গোলাম রব্বানীও পদত্যাগ করেছেন।