২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার বছরে ক্রীড়াক্ষেত্রে জোট সরকারের সাফল্য-ব্যর্থতা

বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার ১০ অক্টোবর সোমবার ক্ষমতার পঞ্চম বছরে পা রাখলো। গত চার বছরে দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকসহ বিভিন্ন ক্ষেত্রে চরম অস্থিরতার মধ্যেও ক্রীড়াক্ষেত্রে জোট সরকারের যে সাফল্য, তাতে ক্ষমতাসীনরা কিছুটা আত্মতুষ্টিতে ভুগতেই পারে।

আনিসুর রহমান আনিসুর রহমান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2005, 04:24 PM

Updated : 26 Apr 2022, 06:11 PM

সাফল্য-ব্যর্থতাকে যদি মুদ্রার এপিঠ আর ওপিঠ ধরে নেয়া হয়, তাহলে ক্রীড়াঙ্গনের ব্যর্থতার দায়ও এড়াতে পারেনা বিএনপি-জামাত জোট সরকার। বিশেষ করে ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলংকা সফরের সময় এক নৈশভোজে ক্রিকেটারদের উৎসাহ দিতে গিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মুখ থেকে ‘পাকিস্তান পায়েন্দাবাদ’ কথাটি সরকারকে বিব্রতকর অবস্থার মধ্যে ঠেলে দেয়।

তবে সাফল্য যা এসেছে, তা কেবল ওই ক্রিকেট থেকেই। অন্যসব খেলার ক্ষেত্রে উল্লেখ যোগ্য সাফল্য আসেনি।

বর্তমানে বিরোধী দলে থাকা আওয়ামী লীগের শাসনামলে ২০০০ সালে টেস্ট ক্রিকেটের বনেদী আসরে পা রাখে বাংলাদেশ। কিন্তু সেই থেকে সাফল্য ছিল অধরা। একটিমাত্র টেস্ট জয়ের জন্যে ক্রিকেটার এবং ক্রিকেট কর্তাব্যক্তিদের ঘাম ঝরাতে হয়েছে পাঁচটি বছর। অবশেষে সাফল্য এসে ধরা দিয়েছে এবছরের প্রথম দিকে। জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ নেয় টেস্ট ঘরানার শিশু বাংলাদেশ। এছাড়া দেশেই অনুষ্ঠিত আইসিসি অনূর্ধ্ব ১৯ ক্রিকেট চ্যাম্পিয়নশীপে শক্তিধর অস্ট্রেলিয়াকে হারিয়ে প্লেট বিভাগে চ্যাম্পিয়ন হয় তরুণ টাইগাররা।

টেস্টে জয় পেলেও ২০০৩-এর বিশ্বকাপে দেশের মানুষের ক্রিকেটপ্রেমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বড়রা সব গ্রুপ ম্যাচে হার নিয়ে দেশে ফেরে। গ্রুপ ম্যাচে কানাডার মত দুর্বলশক্তির দলের বিরুদ্ধে হেরে নিজেদের টেস্ট মর্যাদাকে হুমকির মুখে দাঁড় করায় ক্রিকেটাররা।

জাতীয় দলের ক্রিকেটাররা আবারও এবছর দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর মুখে হাসি ফোটান ভারত ও বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে হারিয়ে। কিন্তু ক্রিকেট বোর্ডের সরকারি সমর্থনপুষ্ট কর্তাব্যক্তিরা কেবল বাহবাই কুড়িয়েছেন, নতুন নতুন ক্রিকেটার তৈরি করার আঁতুর ঘর হিসেবে বিবেচিত ঘরোয়া ক্রিকেটকে শক্তিশালী করে গড়ে তোলার কোনও প্রয়াস তারা নিতে পারেননি। এর প্রভাব পড়েছে জাতীয় দল গঠনে।

প্রতিভাবান ক্রিকেটারের অভাবে নির্বাচকরা ঘুরে ফিরে সেই ২০/২২ জনকে নিয়ে দল গঠন করতে গিয়ে হয়েছেন গলদঘর্ম।

ঢাকঢোল পিটিয়ে ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার ঘোষণা দিলেও এক্ষেত্রে জোট সরকার নিজেদের ব্যর্থতাটা উন্মোচন করেছে নগ্নভাবেই। তার প্রমাণ ২০০৪ সালের ২৭ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। ২০০২ সালের ১১ আগস্ট রফিকুল ইসলাম বাবুর দায়ের করা রিট আবেদনের প্রেক্ষিতে আদালত বিসিবির নির্বাচিত কমিটির কার্যক্রম স্থগিত করে রায় দেয়। এরপর একতরফা ওই নির্বাচনে বিসিবির ক্ষমতা লাভ করে সরকার সমর্থক গোষ্ঠী। রিট আবেদন দাখিলকারী রফিকুল ইসলাম বাবু বর্তমানে বোর্ডের যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

নির্বাচনে বিসিবির কাউন্সিলর নির্বাচনের প্রক্রিয়াটিও হয়ে পড়ে প্রশ্নবিদ্ধ। বিরোধী কাউন্সিলররা আইওয়াশের নির্বাচন থেকে নিজেদের সরিয়ে নেন।

চার বছরে বর্তমান যুব ক্রীড়া প্রতিমন্ত্রীকে দেশের খেলাধুলোর প্রশিক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা এবং মানোন্নয়নের চাইতে নতুন নতুন ভবন তৈরিতেই বেশি মনোযোগী দেখা যায়। অবস্থাটা এমন যে, মনে হচ্ছে বড় বড় ভবন আর স্টেডিয়াম গড়ে, সংস্কার করেই দায় সারতে চাচ্ছে সরকার।

৪০ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে ২০ তলা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল টাওয়ার নির্মাণের কাজ বর্তমানে এগিয়ে চলছে। এছাড়া বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজে ব্যয় হচ্ছে ২৪ কোটি ৫৩ লাখ টাকা। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ফ্লাড লাইট স্থাপনসহ নির্মাণ কাজে ব্যয় হয়েছে ১৯ কোটি ৮৬ লাখ টাকা। এছাড়া ২০০২-০৩ সালে অন্যান্য অবকাঠামো নির্মাণে সরকার ব্যয় করেছে ৩০ কোটি ৯২ লাখ টাকা। এগুলোকে সরকার তাদের সফলতা বলতেই পছন্দ করবে।

ক্রীড়াঙ্গনের অবকাঠামো নির্মাণে অর্থ ব্যয় করতে সরকারকে যতটা উৎসাহী মনে হয়েছে, ঠিক ততটাই অনাগ্রহী মনে হয়েছে ট্রেনিং, কোচিং এবং আন্তর্জাতিক ক্রীড়ায় অংশগ্রহণের ব্যাপারে।

আসন্ন এসএ (সাউথ এশিয়ান) গেমস ও কমনওয়েলথ গেমসকে সামনে রেখে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন গত এপ্রিলে দুই কোটি টাকা ব্যয়ে ১৯টি ইভেন্টে প্রশিক্ষণের পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি। মেগা দু’টি গেমসের প্রশিক্ষণের জন্যে জাতীয় ক্রীড়া পরিষদ বরাদ্দ দিয়েছে ৮৫ লাখ টাকা।

দেশের ক্রীড়ার নিয়ন্তাসংস্থা জাতীয় ক্রীড়া পরিষদ সাঁতারুদের কানাডায় অনুষ্ঠিত বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণের ওপর আরোপ করে অলিখিত নিষেধাজ্ঞা। ফলে বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেনি সাঁতারুরা। অবশ্য দেশের সম্মান রক্ষার্থেই এ অলিখিত নিষেধাজ্ঞা। কারণ, দেশের বাইরে খেলতে গিয়ে সাঁতারুদের উধাও হয়ে যাওয়ার মত ঘটনার অভাব নেই।

কিন্তু এ নিষেধাজ্ঞার কারণে এন্ট্রি পাঠানোর পরও প্রতিযোগিতায় অংশগ্রহণ না করায় আন্তর্জাতিক সাঁতার সংস্থা ফিনার জরিমানার কবলে পড়তে হয়েছে সাঁতার ফেডারেশনকে। এর দায় কি এড়াতে পারবে সরকার?

আরেকটি মজার ব্যাপার হলো, প্রযুক্তির এই যুগে সাঁতার ফেডারেশনের কোনও ইলেকট্রনিক সময়-মাপন যন্ত্র নেই। অর্থাৎ সেটি অচল হয়ে পড়ে আছে। ২০০২ সালের বাংলাদেশ গেমসের পর থেকেই এ যন্ত্রটি নেই। জোট সরকারের পঞ্চম বছরে পা দেওয়ার কিছুদিন আগেই সমাপ্ত হলো ২১তম জাতীয় সাঁতার প্রতিযোগিতা। প্রতিযোগিতায় হ্যান্ড টাইমে জাতীয় রেকর্ডের সময় মাপা হয়। এ দীর্ঘসময়ে সরকার কি এই প্রয়োজনীয় যন্ত্রটির প্রয়োজনীয়তা বুঝতে পারেননি?

বিএনপি-জামাত জোট সরকার ফুটবলের হারানো গৌরব ফিরিয়ে আনতে বহু টানাঁেহচড়ার পর ফুটবল ফেডারেশনকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম উপহার দেয়। আর মাঠ হাতে পেয়েই বহু যত্ন, অর্থ আর পরিশ্রমে গড়ে তোলা আন্তর্জাতিক মানের ক্রিকেট পিচগুলো খুঁড়ে ফেলে ফুটবল ফেডারেশন। আয়োজন করা হয় প্রিমিয়ার ফুটবল লিগ। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, ঢাকা স্টেডিয়ামে গ্যালারি উপচে পড়া দর্শকের সেই চিত্র আর দেখা যায়নি। ক্রিকেটকে বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে নির্বাসন দিয়ে কার কি লাভ হলো, তা সরকারই ভালো বলতে পারবেন।

যে দেশের জাতীয় ফুটবল দল দীর্ঘ আড়াই বছর কোচবিহীন অবস্থায় কাটিয়ে দিতে পারে, আর কর্তাব্যক্তিরা কুম্ভকর্ণের মত থাকতে পারেন, সেদেশের ফুটবলের আর যাই হোক জনপ্রিয়তা উদ্ধার করা সম্ভব নয়। ২০০৩ সালের জানুয়ারিতে সাফ ফুটবলের শিরোপা এনে দিয়ে বাংলাদেশকে গুডবাই জানান তৎকালীন কোচ জর্জ কোটান। এরপর থেকেই কান্ডারিবিহীনভাবে চলেছে বাংলাদেশের ফুটবল।

শেষ পর্যন্ত অবশ্য শুভবুদ্ধির উদয় হয়েছে ফুটবল ফেডারেশনের। দীর্ঘ বিরতির পর ফুটবলাররা কোচ হিসেবে পেয়েছেন আর্জেন্টিনার আন্দ্রেস ক্রুসিয়ানিকে।

ফেব্রুয়ারিতে ফুটবল ফেডারেশনের নির্বাচিত কমিটি ভেঙ্গে দিয়ে ন্যাক্কারজনক কাণ্ড ঘটায় সরকার। ফলাফলস্বরূপ বিশ্ব ফুটবলের শীর্ষ সংস্থা ফিফা সাসপেন্ড করে বাংলাদেশকে। সে যাত্রা চাপের মুখে সরকার নির্বাচিত কমিটিকে পূনর্বহাল করলেও নতুন নির্বাচনের মাধ্যমে ফেডারেশনের ক্ষমতা দখল করে।

জোট সরকারের চার বছরের প্রায় পুরোটা সময় জুড়েই হুমকির মধ্যে ছিল মহিলা ক্রীড়াবিদরা। ২০০৪ সালের জুলাই মাসে কয়েকটি ধর্মীয় রাজনৈতিক দলের হুমকির মুখে মহিলা কুস্তির আসর বন্ধ করে দিতে বাধ্য হয় সরকার। পরে অবশ্য সরকার বাইরের চাপে মহিলা কুস্তি আয়োজন করে। কিন্তু তা একেবারেই গোপনে।

তবে মৌলবাদিদের হুমকির মুখেও সরকার মহিলা ফুটবলের আয়োজন করে ক্রীড়াপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে।

হকির ক্ষেত্রেও পাকিস্তানি কোচ কামার ইব্রাহিমকে নিয়ে অস্থিরতা বিরাজ করেছে। কোচ নিয়ে একের পর এক নাটক মঞ্চস্থ করেছে হকি ফেডারেশন। ২০০৪ সালের আগস্টে একটি বেসরকারি ব্যাংকের আর্থিক সহযোগিতায় পাকিস্তানি কোচ কামার ইব্রাহিম আর তার স্বদেশী ট্রেনার এরশাদ হায়দারকে জাতীয় দলের কোচ হিসেবে উড়িয়ে আনা হয়। কামারের কোচিংয়ে অনূর্ধ্ব ২১ দল চ্যালেঞ্জ ট্রফির শিরোপা লাভ করে। কিন্তু পরবর্তীতে ফেডারেশন দু’জনকেই ধরে রাখতে ব্যর্থ হয়। গত জুলাই মাসে ফেডারেশনকে কোনও কারণ না জানিয়েই পদত্যাগ করেন কোচ এবং প্রশিক্ষক।

জোট সরকার ক্ষমতা গ্রহণের কিছুদিন পরই দাবায় গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন জিয়াউর রহমান। কিন্তু সরকারের যথার্থ পৃষ্ঠপোষকতার অভাবে দেশের আরও চার আন্তর্জাতিক মাস্টার তাদের রেটিং বাড়াতে পারেননি। যদিও রিফাত বিন সাত্তার গ্র্যান্ডমাস্টার অর্জনের পথে তার তৃতীয় নর্ম অর্জন করেছেন তারপরও শুধুমাত্র পর্যাপ্ত টুর্নামেন্টের অভাবে তার রেটিং পয়েন্ট বাড়াতে পারেননি।

বিএনপি-জামাত জোট সরকারের সময়ে শুটার আসিফ হোসেন খান কমনওয়েলথ গেমসের ১০মিটার এয়ার রাইফেল ইভেন্টে স্বর্ণপদক জিতে আরেকবার বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন।