২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন বেতন কাঠামো নিয়ে ক্রিকেটারদের সাথে আলোচনায় বসছে বোর্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন বেতনকাঠামো নিয়ে রোববার জাতীয় দলের ক্রিকেটারদের সাথে আলোচনায় বসছে। অলোচনায় ক্রিকেটারদের বেতনকাঠামো ছাড়াও ক্রিকেট সংক্রান্ত অন্যান্য বিষয়েও কথা হতে পারে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2005, 08:00 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদক মাহবুব আনাম শনিবার স্থানীয় এক হোটেলে প্রিমিয়ার ক্রিকেট লিগের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান।

বোর্ডের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনাম জানান, জাতীয় দলের ক্রিকেটারদের সাথে বেতন সংক্রান্ত আগের চুক্তির মেয়াদ গত শুক্রবার শেষ হয়ে গেছে এবং আলাদাভাবে প্রত্যেক ক্রিকেটারের সাথে আলোচনা করে বোর্ড নতুন চুক্তি বা বেতনকাঠামো নির্ধারন করবে।

বিসিবির গুলশান কার্যালয়ে ক্রিকেটারদের সাথে আলোচনায় তিনি নিজে, বোর্ড সভাপতি আলী আসগর লবী এবং একজন করে সহ-সভাপতি ও যুগ্ম সম্পাদক উপস্থিত থাকতে পারেন বলে জানিয়েছেন আনাম।

তিনি বলেন, রোববারের আলোচনা সভায় বোর্ড তার চাহিদা খেলোয়াড়দের জানানোর পাশাপাশি খেলোয়াড়দের চাহিদাও জানতে চাইবে।

আনাম আরও বলেন, আমরা এর আগে দলের বিভিন্ন অবস্থা জানার জন্য অধিনায়ক ও সহ-অধিনায়কের সাথে আলোচনা করেছি। কিন্তু এবার আমরা চাইছি, জাতীয় প্রত্যেক সদস্যই যেন দলের প্রকৃত চিত্র জানতে পারে।

আগের চুক্তিতে খেলোয়াড়দের এ, বি, সি এবং রকি এই চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল। এবার সিনিয়র খেলোয়াড়দের জন্য এ+ নামে নতুন ক্যাটেগরি সৃষ্টি করা হবে বলে জানান মাহবুব আনাম।

সাধারণ সম্পাদক জানান, নতুন বেতন কাঠামো এখনও চুড়ান্ত না হলেও ক্রিকেটারদের সাথে আলোচনা করেই তা ঠিক করা হবে। তিনি বলেন, আগের বেতন কাঠামো থেকে বেশিও নয়, আবার কমও নয়, এমন একটি ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো আমরা নির্ধারন করতে চাচ্ছি।

সদ্যসমাপ্ত চুক্তিতে ১১ জন ক্রিকেটার সিনিয়র এবং চার জন রকি ক্যাটেগরিতে অর্ন্তভুক্ত ছিলেন। সিনিয়রদের মধ্যে ছিলেন হাবিবুল বাশার, খালেদ মাসুদ, খালেদ মাহমুদ, জাভেদ ওমর, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজা, রাজিন সালেহ, তাপস বৈশ্য, মুশফিকুর রহমান এবং মাঞ্জারুল ইসলাম।

অন্যদিকে রকি ক্যাটেগরিতে ছিলেন নাফিস ইকবাল, আফতাব আহমেদ, এনামুল হক জুনিয়র ও নাজমুল হোসেন।

রোববারের আলোচনায় জাতীয় দলের নির্বাচকদের জাতীয় লিগের খেলা দেখা বাধ্যতামূলক করা হবে বলে জানান আনাম।

তিনি আরও জানিয়েছেন, জাতীয় লিগের প্রতি দুই ম্যাচের মাঝে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য দুই দিন করে অনুশীলনের ব্যবস্থা করা হবে।