হতাশা ভুলে ইউনাইটেডে নতুন মৌসুম রাঙাতে চান ম্যাগুইয়ার
দলের অধিনায়ক হওয়ায় হ্যারি ম্যাগুইয়ারের ওপর প্রত্যাশা ছিল বাড়তি কিছুর। তা তো হয়ইনি, উল্টো ম্যানচেস্টার ইউনাইটেডের আরেকটি হতাশাজনক মৌসুমে তার পারফরম্যান্সও ছিল খুবই সাদামাটা। তবে সেসব ভুলে নতুন মৌসুম নিয়ে আশায় বুক বাঁধছেন তিনি। এই ইংলিশ ডিফেন্ডারের বিশ্বাস, ভালো কিছু অপেক্ষা করছে তার ও দলের জন্য।
২০১৭ সালে সবশেষ শিরোপা জিতেছিল ইউনাইটেড। প্রিমিয়ার লিগের লড়াইয়ে তারা লম্বা সময় ধরেই নেই। চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য তারা নিয়মিতই খেলছিল। তবে গত মৌসুমে ষষ্ঠ স্থানে থেকে প্রিমিয়ার লিগ শেষ করায় এবার ইউরোপা লিগে খেলতে হবে তাদের।
১৯৮১ সালের মার্চের পর ২০২১-২২ মৌসুমে প্রথমবারের মতো লিগের শেষ ছয়টি অ্যাওয়ে ম্যাচেই হারে ইউনাইটেড। চতুর্থ হওয়া টটেনহ্যাম হটস্পারের চেয়ে ১৩ আর চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির চেয়ে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ শেষ করে তারা।
মৌসুমে ইউনাইটেডের এমন ভরাডুবির কারণে তীব্র সমালোচনার শিকার হন দলটির কয়েকজন খেলোয়াড়। এর মধ্যে আছেন ম্যাগুইয়ারও। ২৯ বছর বয়সী এই ফুটবলারের বাজে পারফরম্যান্সের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্থার মুখে পড়তে হয় তার পরিবারের সদস্যদেরও৷
দুঃসহ সেই সময়কে পেছনে ফেলে ম্যাগুইয়ারের চোখ সামনের দিকে। দলের সঙ্গে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে তিনি এখন আছেন অস্ট্রেলিয়ায়। গত শনিবার সেখানে সাংবাদিকদেরকে ম্যাগুইয়ার দৃঢ়তার সঙ্গে বলেন, কঠিন হলেও ভবিষ্যৎ চ্যালেঞ্জের জন্য তিনি প্রস্তুত।
“গত বছরটি হতাশাজনক ছিল। ব্যক্তিগতভাবে আমি ভালো খেলিনি এবং দল হিসেবেও আমরা ভালো খেলতে পারিনি।”
“তবে একটি ভালো ক্যারিয়ার ১০ থেকে ১৫ বছর স্থায়ী হতে পারে। প্রতি বছরই এমন হবে না যে পথচলা মসৃণ হবে এবং কোনোরকম সমস্যা হবে না।”
অতীতের হতাশা ভুলে ম্যাগুইয়ার ম্যানচেস্টারের ক্লাবটিকে এবার শিরোপা জেতাতে চান।
“বাধা আসবে, কিন্তু লড়াই করে যেতে হবে। গত মৌসুমটি নিঃসন্দেহে আমার ক্যারিয়ারে চলার পথে বড় একটি ধাক্কা ছিল।”
“তবে আমরা এটি পেছনে ফেলে এসেছি এবং ভবিষ্যতে দৃষ্টি দিচ্ছি। আমরা এই ক্লাবটিকে ট্রফি জয়ের দিনগুলোতে ফিরিয়ে নিয়ে যেতে চাই, মূল লক্ষ্য এটাই।”
২০২২-২৩ মৌসুমকে সামনে রেখে ইউনাইটেডের নতুন কোচ হিসেবে কাজ শুরু করেছেন এরিক টেন হাগ। তার হাত ধরে ভাগ্য বদলের স্বপ্ন দেখছে দলটি।
টেন হাগের কোচিংয়ে শুরুটা আশাব্যঞ্জক হয়েছে ইউনাইটেডের। প্রথম প্রাক-মৌসুম ম্যাচে লিভারপুলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এরপর মেলবোর্ন ভিক্টোরির বিপক্ষে জয় পেয়েছে ৪-১ ব্যবধানে।
