কোচ স্কোচিচকে ছাঁটাই করল ইরান
বিশ্বকাপের বাকি নেই পাঁচ মাসও। এমন সময় কোচ ছাঁটাই করল ইরান। প্রধান কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হলেন দ্রাগান স্কোচিচ।
দেশটির সংবাদ সংস্থা আইআরএনএ সোমবার জানায়, ইরান ফুটবল ফেডারেশন ৫৩ বছর বয়সী স্কোচিচের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। নতুন কোচ হিসেবে অসমর্থিত সূত্রের বরাত দিয়ে ইরানের কয়েকজন বিবেচনায় থাকার কথাও বলা হয় প্রতিবেদনে।
২০২০ সালে ফেব্রুয়ারিতে মার্ক ভিলমটসের স্থলাভিষিক্ত হন স্কোচিচ। তার দায়িত্বে কাতার বিশ্বকাপে জায়গা করে নেয় ইরান। এশিয়া পর্বের বাছাইয়ে নিজেদের গ্রুপ থেকে দক্ষিণ কোরিয়ার আগে বৈশ্বিক আসরের টিকেট নিশ্চিত করে তারা।
ক্রোয়েশিয়ার এই কোচের সময় ১৮ ম্যাচের ১৫টিই জিতেছে ইরান। তবে সবশেষ তিন ম্যাচের দুটিতে হেরে যায় তারা। যেখানে রয়েছে গত জুনে কাতারে খেলা আলজেরিয়ার (২-১ ব্যবধানে হার) বিপক্ষে ম্যাচটি।
গণমাধ্যমের খবর, বর্তমান ওমান দলের কোচ ব্রাঙ্কো ইভানকোভিচ পুরনো ঠিকানায় ফেরার দৌড়ে এগিয়ে আছেন। তার হাত ধরেই ২০০৬ সালের বিশ্বকাপে খেলেছিল ইরান। বায়ার্ন মিউনিখের সাবেক স্ট্রাইকার আলি দাইয়ি এবং ওসাসুনার সাবেক মিডফিল্ডার জাভেদ নেকুনাম; এই দুই সাবেক ইরানি ফুটবলারও আছেন দেশটির কোচ হওয়ার আলোচনায়।
এনিয়ে টানা তৃতীয় ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে খেলবে ইরান।
আগামী নভেম্বরে শুরু হওয়া বিশ্বকাপের ‘বি’ গ্রুপে আছে ইরান। ২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা। এরপর মুখোমুখি হবে ওয়েলস ও যুক্তরাষ্ট্রের।
