ম্যানচেস্টার সিটির নতুন ‘নাম্বার নাইন’ হলান্ড
গাব্রিয়েল জেসুস ম্যানচেস্টার সিটি ছেড়ে যাওয়ার পর থেকেই বিষয়টা একরকম নিশ্চিত হয়ে যায়, আসছে মৌসুমে দলটির আক্রমণের নেতৃত্বে থাকবেন আর্লিং হলান্ড। জার্সির প্রতীকি সংখ্যায় এবার সেটাই আনুষ্ঠানিক রূপ পেল।
ইংলিশ ক্লাবটি শনিবার দেওয়া বিবৃতিতে জানায়, আসছে মৌসুমে দলটির ‘নাম্বার নাইন’ জার্সি পরবেন নরওয়ের এই ফরোয়ার্ড।
আগামী ২১ জুলাই ২২ বছর পূর্ণ করতে যাওয়া হলান্ডকে পেতে ইউরোপের আরও কয়েকটি বড় ক্লাব আগ্রহী ছিল। লড়াইয়ে সবাইকে হারিয়ে দারুণ প্রতিভাবান এই স্ট্রাইকারকে দলে টানে সিটি।
দারুণ সম্ভাবনাময় হিসেবে ২০২০ সালের শুরুতে ডর্টমুন্ডে যোগ দেওয়ার পর থেকেই হলান্ড নিজেকে প্রতিষ্ঠিত করেন সময়ের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের একজন হিসেবে। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৮৯ ম্যাচে ৮৬ গোল করেন তিনি।
এর মধ্যে গত মৌসুমে হলান্ড সব প্রতিযোগিতা মিলিয়ে ৩০ ম্যাচ খেলে করেন ২৯ গোল। গড়ে ৩.৬ টি সুযোগে একটি করে গোল করেন তিনি আর নিশ্চিত সুযোগের ক্ষেত্রে তার গোল করার হার ৬৫.৮ শতাংশ।
লিভারপুলকে টপকে গত মৌসুমের প্রিমিয়ার লিগ জয়ী সিটি চ্যাম্পিয়ন্স লিগে উঠেছিল সেমি-ফাইনালে। এফএ কাপেও শেষ চারে খেলেছিল তারা। পুরো এই মৌসুমের অধিকাংশ ম্যাচেই ‘ফলস নাইন’ নিয়ে দল সাজাতে দেখা গেছে কোচ পেপ গুয়ার্দিওলাকে। দলে প্রথাগত সেন্টার-ফরোয়ার্ড থাকতো না বললেই চলে, ঠিক যেমনটা হলান্ড।
তাকে সোমবার আনুষ্ঠানিকভাবে সিটির খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয়া হবে, যে দলটির হয়ে একসময় মাঠ মাতিয়েছেন তার বাবা আলফ-ইঙ্গে হলান্ড।
