আরেকটি প্রত্যাবর্তনে ফাইনালে জোকোভিচ
কোয়ার্টার-ফাইনালে প্রথম দুই সেট হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয়। সেমি-ফাইনালেও প্রথম সেটে হার। সেখান থেকে নোভাক জোকোভিচ প্রত্যাবর্তনের গল্প লিখলেন আরও একবার। ক্যামেরন নরির প্রতিরোধ ভেঙে উইম্বলডনের ফাইনালে উঠলেন সার্বিয়ান তারকা।
অল ইংল্যান্ড ক্লাবে শুক্রবার শেষ চারে ২-৬, ৬-৩, ৬-২, ৬-৪ গেমে জেতেন ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকোভিচ।
উইম্বলডনে টানা চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে আগামী রোববারের ফাইনালে তিনি লড়বেন অস্ট্রেলিয়ার নিক কিরগিওসের বিপক্ষে।
আরেক সেমি-ফাইনালে কিরগিওসের খেলার কথা ছিল রাফায়েল নাদালের বিপক্ষে। কিন্তু তলপেটের চোটের কারণে বৃহস্পতিবার টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন রেকর্ড গ্ল্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা।
টেনিসের উন্মুক্ত যুগে চতুর্থ ব্রিটিশ খেলোয়াড় হিসেবে উইম্বলডনের ফাইনালে ওঠার হাতছানি ছিল ২৬ বছর বয়সী নরির সামনে। দারুণ শুরুর পর ছন্দ ধরে রাখতে না পারায় প্রথমবার গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হলো না তার।
শীর্ষ বাছাই জোকোভিচ ক্যারিয়ারে এই নিয়ে ৩২ বারের মতো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠলেন, উন্মুক্ত যুগে পুরুষ এককে যা সর্বোচ্চ।
এই বছরের শুরুতে ভিসা জটিলতায় অস্ট্রেলিয়ান ওপেন না খেলে দেশটি থেকে ফিরতে হয়েছিল জোকোভিচকে। এরপর ফরাসি ওপেনের কোয়ার্টার-ফাইনালে তিনি হেরে যান দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী নাদালের কাছে।
উইম্বলডনে সাতবারের চ্যাম্পিয়ন এই তারকা রোববার জিতলে নাদালের সর্বোচ্চ ২২ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড ছোঁয়ার পথে এক ধাপ এগিয়ে যাবেন।
