২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুঝুঁকি জেনেও ইউক্রেইনে হামলার নিন্দায় সাবেক রুশ অধিনায়ক

ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব ক্রীড়াঙ্গনের অনেক তারকা কথা বললেও এতদিন নিশ্চুপ ছিলেন রুশ ক্রীড়াবিদরা। বিবেকের তাড়নায় এবার মুখ খুললেন রাশিয়া জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইগর দেনিসভ। ইউক্রেইনে তার দেশের আক্রমণকে ‘ভয়ঙ্কর’ বলে মন্তব্য করলেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2022, 08:28 PM

Updated : 14 Jul 2022, 06:25 PM

এমন মন্তব্যের জন্য তার জীবন যে ঝুঁকির মুখে পড়তে পারে, সেটি ভালো করেই জানেন দেনিসভ।

গত ফেব্রুয়ারিতে ইউক্রেইনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত রাশিয়া ফুটবল দলের অধিনায়কত্ব করা দেনিসভ সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্রতিবেশি দেশটিতে ভ্লাদিমির পুতিনের সরকারের আগ্রাসনের তীব্র নিন্দা জানান।    

“এই যুদ্ধ একটি বিপর্যয়। ভয়ঙ্কর ব্যাপার। আমি জানি না, এই কথাগুলো বলার কারণে হয়তো আমাকে গ্রেপ্তার করা হবে কিংবা খুনও করা হতে পারে। কিন্তু যেটা হচ্ছে, আমি সেটাই বলেছি।”

রাশিয়ার হয়ে ৫৬ ম্যাচ খেলা ৩৮ বছর বয়সী দেনিসভ জানান, যুদ্ধ বন্ধ করার জন্য ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনকে চিঠি লিখেছিলেন তিনি।

রাশিয়ার পার্লামেন্টে একটি আইন পাশ হয়েছে। কেউ ‘ভুয়া সংবাদ’ প্রকাশ করলে কিংবা রাশিয়ার সামরিক পদক্ষেপের সমালোচনা করলে, তার সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ড হবে।